জামায়াত নেতাদের প্রশ্নবিদ্ধ করতে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটকের নাটক সাজানোর অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ বুধবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এ কথা বলেন।
সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ সৈয়দপুর বিমানবন্দর থেকে আটক করা হয়।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘তিনি (বেলাল উদ্দিন প্রধান) তাঁর বক্তব্য স্পষ্ট করেছেন যে আমার ব্যবসায়ের জন্য আমি আসা-যাওয়া করি। ব্যাংক বন্ধ, আমাকে কিছু লেনদেন করতে হয়। এ জন্য তাঁর সঙ্গে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক।’
জামায়াতের এই নেতা বলেন, ‘একজন মানুষ ব্যবসা করতে পারেন, তাঁর পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি (বহন) করতে পারেন। এয়ারপোর্টের মতো একটা রেস্ট্রিকটেড এরিয়াতে যেখানে খুবই লিমিটেড মানুষের চলাফেরা, সেখানে একটা নাটক সাজানো হয়েছে যে তিনি এই টাকা নিয়ে যাচ্ছেন এবং এটা বিভিন্ন অর্থ করার জন্য বিভিন্ন ধরনের বলা হচ্ছে, নিউজ করা হচ্ছে।’
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, মানসিক নির্যাতনের কারণে জেলা জামায়াতের আমির অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে রংপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।




