ক্ষমতায় গেলে লাল ফিতার দৌরাত্ম্য, ঘুষ ও চাঁদাবাজি বন্ধ করে ব্যবসাবান্ধব রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, “ক্ষমতায় গেলে আমরা ব্যবসায়ীদের জন্য পাহারাদার হবো।”
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের সঙ্গে আয়োজিত সংলাপে তিনি এ কথা বলেন। ‘সমৃদ্ধির সংলাপ: বাংলাদেশের শিল্প ও বাণিজ্যের জন্য কৌশলগত ভাবনা’ শীর্ষক সভায় ব্যবসায়ীরা তাদের সমস্যা ও প্রতিবন্ধকতা তুলে ধরেন।
নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ কে এম ওয়ারেসুল করিম সভায় ‘বাংলাদেশের জন্য ব্যবসাবান্ধব অর্থনৈতিক নীতি প্রণয়ন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
জামায়াত আমির বলেন, দেশ পরিচালনার সুযোগ পেলে ঘুষকে ‘স্পিড মানি’ নামে বৈধ করার সংস্কৃতি বন্ধ করা হবে। তিনি অভিযোগ করেন, চাঁদাবাজির কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন এবং নির্ধারিত সময়ে কারখানা চালু করতে না পারায় ব্যাংক ঋণের সুদ বেড়ে যায়। এ পরিস্থিতি চিরতরে বদলাতে হবে।
তিনি আরও বলেন, ঘুষের কারণে দেশি ব্যবসায়ীরা বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। দেশি বিনিয়োগকারীরা যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে বিদেশি বিনিয়োগ আসবে না। এ সমস্যার সমাধান রাষ্ট্রকে আগে করতে হবে।
সভায় আরও বক্তব্য দেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন, হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ. কে. আজাদ, সার্ক চেম্বারের সভাপতি মো. জসিম উদ্দিন, বিসিআই সভাপতি আনোয়ার উল আলম চৌধুরী পারভেজ, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক, বারভিডা সভাপতি আবদুল হকসহ আরও অনেকে।
শফিকুর রহমান ঘোষণা দেন, বিদেশে পাচার করা সম্পদ সম্মানের সঙ্গে দেশে ফিরিয়ে আনার সুযোগ দেওয়া হবে। তিনি বলেন, “কাউকে অপমান করার জন্য নয়, এর উদ্দেশ্য জাতির কল্যাণ। যারা অর্থ ফেরত দেবেন, রাষ্ট্র তাদের সম্মান দেবে।”




