শেরপুরে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে ঝিনাইগাতী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪২) নিহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুরের জামায়াতের প্রার্থী ও শিবিরের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম।
সংঘর্ষের ঘটনাটি ঘটে বিকেলে ঝিনাইগাতী উপজেলা পরিষদ মাঠে শেরপুর-৩ আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত নির্বাচনি ইশতেহার পাঠ অনুষ্ঠানে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মঞ্চে বসলেও চেয়ার বসা নিয়ে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরে হাতাহাতি শুরু হয়। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ব্যবহার করে হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ৫০ জন জামায়াত সমর্থক আহত হন, যাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক ছিল।
আহতদের মধ্যে গুরুতর আহত রেজাউল করিমকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। নিহত রেজাউল করিম ফতেহপুর ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক ছিলেন।
রাশেদুল ইসলামের দাবি, বিএনপি সমর্থকরা পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। জামায়াত মনোনীত প্রার্থী নূরুজ্জামান বাদল অভিযোগ করেন, “আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকেরা পরিকল্পিতভাবে হামলা চালায়। আমরা সুষ্ঠু বিচার দাবি করছি, অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।”
এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।




