বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দুর্নীতির পাতা ধরে টানাটানি নয়, শিকড় ধরে তুলে ফেলতে হবে। তিনি দাবি করেন, জামায়াতের কোনো কর্মী কখনো চাঁদাবাজি বা টেন্ডারবাজির সঙ্গে জড়িত হয়নি। ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, জনগণের নিরাপত্তা ও সম্মান রক্ষায় জামায়াত কাজ করছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে বাগেরহাটের খানজাহান আলী (রহ.) মাজার মাঠে জেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, জামায়াতের অসংখ্য নারী মাঠে কাজ করছেন কারণ তারা বিশ্বাস করেন জামায়াতের হাতেই তাদের ইজ্জত ও জানমাল নিরাপদ থাকবে।
তিনি আরও বলেন, দলের ১১ জন শীর্ষ নেতা হত্যা, হাজারো কর্মী নিখোঁজ ও বন্দি হওয়ার পরও জামায়াত টিকে আছে। নিবন্ধন ও প্রতীক কেড়ে নেওয়া হলেও সংগঠনকে শক্তিশালী করতে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম। বক্তব্য দেন জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিপি রিয়াজুল ইসলামসহ স্থানীয় প্রার্থীরা।
ডা. শফিকুর রহমান বলেন, দেশের বিভিন্ন স্থানে মা-বোনদের ইজ্জত ও সম্মানের ওপর আঘাত আসলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি গণভোটে ‘হ্যাঁ’ ভোট এবং জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহ্বান জানান।
এছাড়া তিনি বেকারত্ব দূরীকরণ, নারীদের কর্মসংস্থান, শিল্পপ্রতিষ্ঠান পুনরায় চালু করা এবং স্থানীয় সমস্যাগুলো সমাধানে জনগণের সঙ্গে ডায়ালগের মাধ্যমে কাজ করার প্রতিশ্রুতি দেন। সাতক্ষীরায় নেতাকর্মীদের ওপর অতীতের দমন-পীড়নের প্রসঙ্গ টেনে তিনি বলেন, উন্নয়নে ওই জেলার সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে।
বাগেরহাট, যশোর, খুলনা ও সাতক্ষীরায় অনুষ্ঠিত একাধিক জনসভায় জামায়াত আমির একই বার্তা দেন—দুর্নীতির শিকড় উপড়ে ফেলা, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়ে দাঁড়িপাল্লায় সমর্থন জানানো।




