বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুটি বড় নির্বাচনী জনসভায় অংশ নেন—একটি ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে এবং অপরটি গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে।
দুই সমাবেশেই লাখো মানুষের ঢল নামে। ময়মনসিংহে ২৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, এঁদের জয়ী করতে পারলে দেশের উন্নয়ন সম্ভব হবে। গাজীপুরে তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করতে হবে।
ময়মনসিংহে বিএনপি চেয়ারম্যান আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে ভোটারদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ফজরের নামাজ শেষে ভোটকেন্দ্রে গিয়ে লাইনে দাঁড়াতে হবে এবং ভোট দিয়ে কেন্দ্রে থেকে হিসাব বুঝে নিতে হবে।
মঙ্গলবার ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে বিশাল জনসভায় তিনি বলেন, ময়মনসিংহসহ আশপাশের জেলার হাসপাতাল বড় করা, ঘরে বসে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, মাদক সমস্যার সমাধান ও যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা বিএনপির অঙ্গীকার। কৃষিপ্রধান ময়মনসিংহের খাল-বিল পুনর্খনন এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। নারীদের জন্য ফ্যামিলি কার্ডের সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেন।
তারেক রহমান বলেন, জনগণের জন্য কাজ করাই রাজনীতির মূল লক্ষ্য। তিনি সমালোচনা না করে উন্নয়ন পরিকল্পনা তুলে ধরার ওপর গুরুত্ব দেন। ইমাম ও মুয়াজ্জিনদের জন্য সরকারি সম্মানি প্রদানের আশ্বাস দেন।
ময়মনসিংহে জনসভা শেষে গাজীপুরে যাওয়ার পথে ভালুকায় এক আবেগঘন মুহূর্তের জন্ম হয়। গাড়িবহর থামিয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলেন এক কিশোরী। তিনি বলেন, মানুষের সেবা করেই রাজনীতি করতে চান এবং একদিন সংসদে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করার স্বপ্ন দেখেন। নিজের রক্তে রাজনীতি প্রবাহিত হওয়ার কথা জানিয়ে দোয়া চান। আবেদনে সাড়া দিয়ে তারেক রহমান বাসের দরজা খুলে মনোযোগ দিয়ে তার কথা শোনেন। কিশোরীটি খালেদা জিয়ার একটি ছবি উপহার দেন, যা তিনি সাদরে গ্রহণ করেন। পাশে ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জোবাইদা রহমান। কিশোরীর স্বপ্ন পূরণের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগময়।
এদিকে গাজীপুরের ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি মাঠে রাতের জনসভায় তিনি বলেন, গাজীপুর শুধু শিল্পনগরী নয়, এটি গার্মেন্টসের রাজধানী। বিএনপি ক্ষমতায় এলে নতুন কল-কারখানা স্থাপন, রপ্তানি বৃদ্ধি, নারী শ্রমিকদের সন্তানদের জন্য ডে-কেয়ার সেন্টার, শ্রমিকদের হেল্থ কার্ড এবং আবাসন সমস্যার সমাধান করা হবে। জয়দেবপুর রেলক্রসিংয়ে ওভার ব্রিজ নির্মাণ ও জেলার তিনটি খাল পুনর্খননের উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি।




