বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দুর্নীতি দমনে কঠোর পদক্ষেপের প্রতিশ্রুতি তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে বিএনপি দৃঢ় হাতে দুর্নীতি দমন করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান।

রবিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে তিনি বলেন, অনৈতিক কাজে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না, দলের হলেও না। দুর্নীতি যেই করুক, সবার ক্ষেত্রে আইন সমানভাবে প্রয়োগ হবে। তিনি আশ্বাস দেন, ক্ষমতায় গেলে দুর্নীতির টুঁটি চেপে ধরা হবে। একই সঙ্গে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

তারেক রহমান অভিযোগ করেন, বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, পরিবর্তন আনতে হলে আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীদের জয়ী করতে হবে। প্রতিপক্ষ নিয়ে কথা বললে জনগণের কোনো লাভ নেই; জনগণের লাভ হবে কর্মসংস্থান, নিরাপদ পরিবেশ ও উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে।

চট্টগ্রামের মহাসমাবেশে লাখো মানুষের উপস্থিতিতে প্রায় আধঘণ্টা বক্তব্য দেন তিনি। পাহাড়ি নারীরা নিজস্ব সংস্কৃতির পোশাক পরে যোগ দেওয়ায় সমাবেশ হয়ে ওঠে বৈচিত্র্যময়। এ সময় চট্টগ্রামের ১৬ আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি।

ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আরেক নির্বাচনী জনসভায় তিনি দেশের মানুষের জন্য বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে খেটে-খাওয়া নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, গ্রামীণ পর্যায়ে হেলথকেয়ার কর্মসূচি, সারাদেশে খাল খনন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, ফেনীতে ইপিজেড স্থাপন এবং বিদেশগামী শ্রমিকদের প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা। তিনি বলেন, জনগণের লাভ হবে তখনই যখন পরিকল্পিতভাবে উন্নয়নমূলক কাজ করা যাবে।

কুমিল্লার চৌদ্দগ্রামে আয়োজিত আরেক সমাবেশে তিনি বলেন, নির্বাচনে ষড়যন্ত্র হতে পারে। তাই ভোটের দিন ভোরে তাহাজ্জুদের নামাজ পড়ে কেন্দ্রে গিয়ে ফজরের নামাজ শেষে লাইনে দাঁড়াতে হবে এবং ভোট শেষ না হওয়া পর্যন্ত ভোটের বাক্স পাহারা দিতে হবে। তিনি ক্ষুদ্রঋণ কর্মসূচি, মসজিদের ইমাম ও খতিবদের সম্মানী ভাতা এবং প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলের শীর্ষ নেতারা এসব সমাবেশে বক্তব্য দেন। তারা বলেন, বিএনপি শুধু রাজনৈতিক গণতন্ত্র নয়, অর্থনৈতিক গণতন্ত্রও বাস্তবায়ন করতে চায়। চট্টগ্রামকে শুধু বাণিজ্যিক রাজধানী নয়, অর্থনৈতিক হাবে পরিণত করা হবে।