দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমনকে অগ্রাধিকার দিয়ে দেশ গঠনের পরিকল্পনা তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) ঢাকার গুলশানে বিচারপতি সাহাবুদ্দীন পার্কে আয়োজিত ‘আমার ভাবনায় বাংলাদেশ’ শীর্ষক জাতীয় রিল-মেকিং প্রতিযোগিতার বিজয়ীদের সঙ্গে আড্ডায় তিনি এ পরিকল্পনার কথা জানান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
তারেক রহমান বলেন, “আমাদের প্রথম কাজ হবে আইন-শৃঙ্খলা নিশ্চিত করা। মানুষ যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। পাশাপাশি দুর্নীতি দমন করতে হবে যেভাবেই হোক। বিভিন্ন পর্যায়ে দুর্নীতি রয়েছে, তবে যদি আইন-শৃঙ্খলা ও দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, অন্য সমস্যাগুলো অনেকাংশে সমাধান হয়ে যাবে।”
ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ১৩৮টি প্রকল্প চালু রয়েছে, তবে সেগুলো সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। অনেকেই একাধিক সুবিধা পাচ্ছেন, আবার কেউ কোনো সুবিধা পাচ্ছেন না। তিনি জানান, ফ্যামিলি কার্ডের মাধ্যমে এই সুবিধাগুলোকে সুশৃঙ্খলভাবে বিতরণ করা হবে। কৃষক, ভ্যানচালক থেকে শুরু করে সরকারি কর্মকর্তা—সবার স্ত্রীই এই কার্ডের আওতায় আসবেন।
শিক্ষা ও সামাজিক মূল্যবোধ নিয়ে পরিকল্পনা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন, প্রাথমিক শিক্ষায় জোর দেওয়া হবে। নতুন ভবন নির্মাণ নয়, বরং শিক্ষকদের প্রশিক্ষণ ও যোগ্যতা বৃদ্ধির দিকে গুরুত্ব দেওয়া হবে। সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ শিশুদের শেখানো হবে। তিনি আরও জানান, খেলাধুলা, শিল্প-সংস্কৃতি, তৃতীয় ভাষা ও আবৃত্তি শিক্ষার সিলেবাসে অন্তর্ভুক্ত করা হবে। এ জন্য শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং ক্রীড়া মন্ত্রণালয়কে একত্রে কাজ করার পরিকল্পনা রয়েছে।
অনলাইনে হ্যারাসমেন্ট প্রসঙ্গে জাইমা রহমান বলেন, ছেলে-মেয়ে উভয়েই অনলাইনে হয়রানির শিকার হন। এ বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি। তারেক রহমানও সামাজিক মূল্যবোধ শেখানোর ওপর গুরুত্ব দেন। তিনি উদাহরণ দিয়ে বলেন, সম্প্রতি একটি জেলায় কুকুরকে গাছে বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক।
ঢাকার যানজট নিরসনে স্যাটেলাইট টাউন গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন তিনি। পাশাপাশি মনোরেল ব্যবস্থার কথা উল্লেখ করে বলেন, এটি তুলনামূলকভাবে কম খরচে কার্যকর হতে পারে এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত হয়ে ট্রাফিক ব্যবস্থাকে সহজ করবে।
এরপর, তারেক রহমান দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে তাঁর প্রয়াত ভাই আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন। এ সময় পরিবারের সদস্য ও দলের নেতারা তাঁর সঙ্গে ছিলেন। কোকোর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান, কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান সিথি, জাহিয়া ও জাফিয়া রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরা।
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় অংশ নিতে শনিবার সন্ধ্যায় চট্টগ্রাম পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান। দীর্ঘ ২০ বছর পর তাঁর এই সফরকে কেন্দ্র করে নগরীতে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে। রবিবার তিনি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে প্রথম জনসভায় ভাষণ দেবেন। এরপর ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আরও কয়েকটি জনসভায় অংশ নেওয়ার কথা রয়েছে। এছাড়া এসময় তারেক রহমান ফেনীতে তাঁর নানা বাড়ি পরিদর্শন করবেন।
মহাসমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় দুই হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে। মঞ্চকে রেড জোন, সাংবাদিক ও নারীদের জন্য ইয়েলো জোন এবং পুরো মাঠকে গ্রিন জোন হিসেবে ভাগ করা হয়েছে।
তারেক রহমানের এই সফরকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে। দলীয় নেতারা মনে করছেন, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও দুর্নীতি দমনকে অগ্রাধিকার দিয়ে তাঁর পরিকল্পনা ভবিষ্যৎ রাজনৈতিক কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।




