প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট বিষয়ক প্রচার কার্যক্রমের মূখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারি কর্মকর্তাদের প্রচার চালাতে কোনো আইনগত বাধা নেই। শনিবার (২৪ জানুয়ারি) সকালে সিলেট বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে আয়োজিত বিভাগীয় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, জুলাই অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, তাদের আত্মদান গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের অংশ। বিদ্যমান সংবিধান, আরপিও, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ ২০২৫ কিংবা গণভোট সংক্রান্ত অধ্যাদেশে কোথাও বলা নেই যে প্রজাতন্ত্রের কর্মচারীরা ইতিবাচক পরিবর্তনের পক্ষে প্রচারণা চালাতে পারবেন না। যারা আইনগত বাধার কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তারা ভিন্ন উদ্দেশ্যে তা করছেন।
অধ্যাপক রীয়াজ আরও বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে কেউ কেউ তত্ত্বাবধায়ক সরকার মনে করলেও বাস্তবে এটি সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি ম্যান্ডেট নিয়ে কাজ করছে। নির্বাচন আয়োজন করে না সরকার; পরিবেশ তৈরি করে সরকার, আর নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশন। একইভাবে বিচার প্রক্রিয়া আদালত পরিচালনা করে, সরকার কেবল নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করে। তিনি জোর দিয়ে বলেন, সরকারের মূল দায়িত্ব হলো রাষ্ট্র সংস্কার।
আলী রীয়াজ আন্তর্জাতিক উদাহরণ টেনে বলেন, ১৯৭২ থেকে ২০২৪ পর্যন্ত বিশ্বে ৪৮টি গণভোট হয়েছে, যার অধিকাংশ ক্ষেত্রে সরকার ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালিয়েছে। সুতরাং আন্তর্জাতিকভাবে এটি গ্রহণযোগ্য ব্যবস্থা এবং আইনগতভাবে এতে কোনো বাধা নেই। তিনি আরও উল্লেখ করেন, অতীতে স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় যারা গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন, তারা আমাদের হাতে দায়িত্ব দিয়ে গেছেন একটি জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার।
সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেন, ফ্যাসিবাদী শাসন ফেরার সম্ভাবনা রোধ করতেই এবারের গণভোট আয়োজন করা হয়েছে। তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচারের যে লক্ষ্য ছিল, তা এখনো পূর্ণ হয়নি। এবারের গণভোট সেই মূল চেতনা বাস্তবায়নের সুবর্ণ সুযোগ।
বিশেষ অতিথি ধর্মসচিব মোঃ কামাল উদ্দিন বলেন, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে প্রজাতন্ত্রের কর্মচারীরা তাদের সন্তানদের জন্য একটি সুন্দর বাংলাদেশ রেখে যেতে পারবেন।
সভায় সভাপতিত্ব করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোঃ রেজা-উন-নবী। বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান, পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার নাজির আহমদ।
সভায় সিলেট বিভাগের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের শীর্ষ কর্মকর্তা, ধর্মীয় নেতা, সুশীল সমাজ, ব্যবসায়ী এবং এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




