বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দিনাজপুরকে সিটি করপোরেশন করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জনগণের ভোটে সরকার গঠন করলে দিনাজপুরকে সিটি করপোরেশনে রূপান্তর করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (২৩ জানুয়ারি) দিনাজপুরের বড় মাঠে আয়োজিত ১০ দলীয় ঐক্যের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, ক্ষমতায় গেলে দিনাজপুরের মানুষ গ্যাস সুবিধা পাবে এবং উত্তরবঙ্গকে কৃষি শিল্পের রাজধানীতে রূপান্তর করা হবে। আধুনিক কৃষি প্রযুক্তি, লজিস্টিক সরবরাহ ও সংরক্ষণাগার নির্মাণের মাধ্যমে কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন, সংরক্ষণের অভাবে অনেক সময় কৃষিপণ্য নষ্ট হয়ে যায়। তাই প্রতিটি এলাকায় ফসল ও সবজির সংরক্ষণাগার গড়ে তোলা হবে।

ডা. শফিকুর রহমান আরও বলেন, উত্তরবঙ্গকে পরিকল্পিতভাবে পিছিয়ে রাখা হয়েছে। অথচ এই অঞ্চল দেশের শস্যভাণ্ডার। তিনি প্রতিশ্রুতি দেন, পাঁচ বছরের মধ্যে উত্তরবঙ্গের চেহারা বদলে দেওয়া সম্ভব। এজন্য প্রতিটি জেলায় বিশেষায়িত হাসপাতাল গড়ে তোলা হবে। তিনি দাবি করেন, বিদেশে পাচার হওয়া বিপুল অর্থ ফেরত এনে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে।

দিনাজপুর ছাড়াও পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরে পৃথক সমাবেশে তিনি বিভিন্ন প্রতিশ্রুতি দেন। পঞ্চগড়ে তিনি বন্ধ হয়ে যাওয়া চিনিকলগুলো পুনরায় চালু করার ঘোষণা দেন। ঠাকুরগাঁওয়ে তিনি সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার কথা বলেন, যাতে কৃষিভিত্তিক পণ্য বিশ্ববাজারে পৌঁছাতে পারে। রংপুরে তিনি তিস্তা নদীর সংস্কার ও বাঁধ সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

তিনি বলেন, সরকার পরিচালনায় তিনটি শর্ত মানতে হবে—কোনো দুর্নীতি করা যাবে না, দুর্নীতিবাজদের আশ্রয় দেওয়া যাবে না এবং সবার জন্য সমান ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি প্রতিশ্রুতি দেন, উত্তরবঙ্গ থেকে আর কোনো বেকারের মুখ দেখতে হবে না। বন্ধ থাকা চিনিকলগুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থানে ফিরিয়ে আনা হবে।

রংপুরের সমাবেশে তিনি বলেন, নদী জীবন ফিরে পেলে উত্তরবঙ্গও জীবন ফিরে পাবে। তাই নদীগুলোর সংস্কার ও পরিকল্পনা বাস্তবায়ন জরুরি। তিনি দাবি করেন, জামায়াত তাদের দেওয়া অঙ্গীকার রক্ষা করবে।

সমাবেশগুলোতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতের প্রার্থীদের হাতে প্রতীক তুলে দেন তিনি। একই সঙ্গে জনগণকে ঐক্যবদ্ধভাবে ১০ দলীয় জোটকে ভোট দেওয়ার আহ্বান জানান।