বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশের সমস্যার সমাধানে পরিবর্তন চায় জনগণ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারম্যান ও ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান বলেছেন, দেশের মানুষ একটি পরিবর্তন চায়। তিনি উল্লেখ করেন, জনগণ তাদের সমস্যার সমাধান, নিরাপত্তা, সুশাসন, শিক্ষার সুযোগ এবং কর্মসংস্থানের নিশ্চয়তা প্রত্যাশা করছে। শুক্রবার (২৩ জানুয়ারি) রাজধানীর ভাসানটেক বিআরপি মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, গত ১৬ বছরে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে। এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করে দেশ পুনর্গঠন করতে হবে। তিনি বলেন, “জনগণ যদি তাদের প্রতিনিধিকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত করতে পারে, তবে এলাকার সমস্যাগুলো সরাসরি জানাতে পারবে এবং সমাধানও সম্ভব হবে।” তিনি অতীতের অগণতান্ত্রিক নির্বাচনের সমালোচনা করে বলেন, তখন জনগণ তাদের সমস্যার কথা জনপ্রতিনিধিদের কাছে পৌঁছাতে পারেনি।

জনসভায় তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা সরাসরি শুনে সমাধানের আশ্বাস দেন। একজন ভ্যানচালক, নারী শ্রমিক ও কলেজছাত্রীকে মঞ্চে ডেকে তাদের সমস্যার কথা জানতে চান। তিনি বলেন, জয়ী হলে বস্তিবাসীদের পুনর্বাসন, কৃষি উন্নয়ন, তরুণদের কর্মসংস্থান ও নারীদের ক্ষমতায়নে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি কার্ড, নারীদের জন্য ফ্যামিলি কার্ড চালুর প্রতিশ্রুতি দেন তিনি। এসব কার্ডের মাধ্যমে কৃষকরা সহজে ঋণ, সার ও বীজ পাবেন এবং নারীরা সংসার পরিচালনায় সহায়তা পাবেন।

তরুণদের কর্মসংস্থান প্রসঙ্গে তিনি বলেন, দেশের লাখ লাখ যুবক বেকার। তাদের দক্ষ করে তুলতে প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা বিদেশে দক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে পারে বা দেশে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে। একই সঙ্গে দেশের ক্রীড়া ব্যবস্থাকে ঢেলে সাজিয়ে তরুণদের প্রফেশনাল খেলোয়াড় হওয়ার সুযোগ তৈরি করার পরিকল্পনার কথাও জানান তিনি।

তারেক রহমান বলেন, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের পতন হয়েছে। এখন দেশের উন্নয়ন ও পুনর্গঠন জরুরি। এজন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের দ্বারা নির্বাচিত সরকার গঠন করতে হবে। তিনি উপস্থিত জনতাকে শপথ করান—“করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ।”

ধানের শীষকে বিজয়ী করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ধানের শীষ যতবার নির্বাচিত হয়েছে, ততবার দেশের উন্নয়ন হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের জন্য সারাদেশে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে হবে।

ভাসানটেক থানা বিএনপির আহ্বায়ক কাদির মাহমুদের সভাপতিত্বে এই সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ঢাকা-১৭ আসনে নির্বাচনের প্রধান সমন্বয়ক আবদুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনার, নাজিম উদ্দীন আলম, ঢাকা মহানগর বিএনপি উত্তরের আহ্বায়ক আমিনুল হক, যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক শরীফ উদ্দীন জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, জাগপা নেতা খন্দকার লুৎফর রহমান বক্তব্য দেন। এ ছাড়া সমাবেশে ঢাকা-১৪ আসনে ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম মিল্টন, যুবদলের সিনিয়র সহসভাপতি রেজাউল করিম পল, ছাত্রদল পশ্চিমের সভাপতি রবিন খানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।