বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, নারী-পুরুষ সবাই মিলে আগামীর বাংলাদেশ গড়তে হবে। কর্মক্ষেত্রে নারীদের সম্মান ও শতভাগ নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, রাস্তা-ঘাটে চলাফেরায় নারীদের নিরাপত্তা নিশ্চিতে জামায়াত অঙ্গীকারবদ্ধ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মিরপুর আদর্শ স্কুলমাঠে আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ বক্তব্য দেন। এসময় তিনি মায়েদের ইজ্জত রক্ষার গুরুত্ব তুলে ধরে বলেন, “সব সহ্য করব, কিন্তু মায়েদের ইজ্জতের বিষয়ে কোনো বরদাশত করব না।”
ভোট চোরদের আর দেখতে চান না উল্লেখ করে জামায়াত আমির বলেন, যারা চাঁদাবাজি, দখলবাজি ও হত্যার হাত থেকে জনগণকে রক্ষা করতে পারবে, তারাই সুন্দর বাংলাদেশ গড়তে সক্ষম হবে। তিনি দাবি করেন, ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনের জন্য গণভোটে মানুষ ‘হ্যাঁ’ কেই জয়যুক্ত করবে।
ডা. শফিকুর রহমান ১০ দলীয় জোটের অন্যতম সঙ্গী এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ বিভিন্ন প্রার্থীর হাতে দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেন। তিনি ঢাকা-১২ আসনে সাইফুল আলম খান মিলন, ঢাকা-১৬ আসনে কর্নেল (অব.) আব্দুল বাতেন, ঢাকা-১৭ আসনে ডা. এস এম খালিদুজ্জামান এবং ঢাকা-১৪ আসনে ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমানের হাতে প্রতীক তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেন।
তিনি বলেন, নতুন কোনো পোশাক পরে যদি ফ্যাসিবাদ আসে তবে তার পরিণতি হবে ভয়াবহ। দেশে আর ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না উল্লেখ করে তিনি যুবকদের উদ্দেশে বলেন, ন্যায়বিচার যাদের হাতে নিশ্চিত হবে আমরা তাদেরই সঙ্গী হব। তিনি আরও বলেন, যারা চাঁদাবাজি, দখলদারি, মামলাবাজি ও হত্যার রাজনীতি থেকে বিরত থাকবে তারাই আগামীর বাংলাদেশ গড়তে পারবে।
শহীদ ওসমান হাদির স্মৃতিচারণ করে ডা. শফিকুর রহমান বলেন, “আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। তার স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।”
সমাবেশে ১০ দলের প্রতিনিধি, জামায়াত ও শিবিরের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।




