বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সিলেটে ভোট চেয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) দিবাগত রাত ১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে অবস্থিত শ্বশুরবাড়ি থেকে তিনি ধানের শীষে ভোট চেয়ে প্রচারাভিযান শুরু করেন। এ সময় স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

তারেক রহমান বলেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী এখন আনুষ্ঠানিকভাবে ধানের শীষে ভোট চাওয়া সম্ভব। তিনি কর্মী-সমর্থকদের উদ্দেশে বলেন, ধানের শীষ জয়যুক্ত করতে হবে। একই সঙ্গে তিনি স্ত্রী ডা. জোবাইদা রহমানের উপস্থিতির প্রসঙ্গ টেনে স্থানীয়দের কাছে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।

বুধবার রাতে সিলেটে পৌঁছে মা বেগম খালেদা জিয়ার মতোই তিনি প্রথমে হযরত শাহজালাল (র.) এর মাজার জিয়ারত করেন। এ সময় মাজার প্রাঙ্গণ ও আশপাশের এলাকা ‘দুলাভাই দুলাভাই’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে। পরে তিনি হযরত শাহ পরান (র.) এর মাজারে যান। এরপর স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি বিরাইমপুর গ্রামে মিলাদ, দোয়া মাহফিল ও কেক কাটার অনুষ্ঠানে দেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে তারেক রহমান নির্বাচনী সমাবেশে যোগ দেবেন।

বুধবার সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ তাকে স্বাগত জানান। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। রাত পৌণে ৯টার দিকে তিনি শাহজালাল (র.) এর মাজারে পৌঁছে জিয়ারত ও দোয়া করেন।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ৩ ফেব্রুয়ারি তারেক রহমানের সঙ্গে জুবাইদা রহমানের বিয়ে হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পৈতৃক বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের বিরাইমপুর গ্রামে। জুবাইদা রহমান সাবেক নৌবাহিনী প্রধান এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কন্যা।