বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

নির্বাচনী প্রচারযুদ্ধ শুরু, ভোট ১২ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ২৯৮টি নির্বাচনী এলাকায় ১ হাজার ৯৭৩ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ সম্পন্ন হয়েছে। আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাত ১২টার পর থেকে শুরু হয়েছে নির্বাচনী প্রচারযুদ্ধ।

বুধবার প্রতীক পাওয়ার পর নির্বাচনী প্রচারে না নামলেও প্রার্থীরা কর্মী-সমর্থক ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দোয়া কামনা করেন। কেউ কেউ ছুটে যান নিজ নিজ নির্বাচনী এলাকায়।

কিছু এলাকায় প্রতিপক্ষ প্রার্থী ও সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বুধবার দিবাগত রাতেই সিলেটে পৌঁছে নির্বাচনী প্রচার শুরু করেছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নিজ আসন ঢাকা-১৫-তে জনসভা ও গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। জাতীয় নাগরিক পার্টি-এনসিপি বৃহস্পতিবার সকালে জাতীয় তিন নেতা শেরেবাংলা এ কে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের মাজার এবং শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে তাদের প্রচারণা শুরু করবেন।

নির্বাচন কমিশন বুধবার রাত ১০টা পর্যন্ত এবারের নির্বাচনে কোন দলের কতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তার পূর্ণাঙ্গ তথ্য দিতে পারেনি। তবে বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী রয়েছেন ২৯৮ আসনের মধ্যে ২৮৮টিতে। দুটি আসনে বিএনপি বা জোটের কোনো প্রার্থী নেই। বাকি আসনগুলোতে শরিক দলগুলো তাদের নিজস্ব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছে।

জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীক থাকছে ২৪০ আসনে। জামায়াত জোটের শরিক এনসিপির শাপলাকলি প্রতীক থাকছে ৩২ আসনে। ইসলামী আন্দোলন বাংলাদেশ জানিয়েছে, তাদের মোট ২৫৯ জন প্রার্থী হাতপাখা প্রতীকে লড়বেন। এ ছাড়া পাবনা-১ ও ২ আসনে মোট ৯ জন বৈধ প্রার্থী থাকলেও তারা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে বিএনপি দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ার কারণে ৫৯ নেতাকে একযোগে বহিষ্কার করেছে। এর আগে একই কারণে ১১ জনকে বহিষ্কার করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র তিন সপ্তাহ বাকি।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আগামী ১২ ফেব্রুয়ারি দেশের ৩০০ আসনেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার (২১ জানুয়ারি) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। নির্বাচন কমিশনের সচিবের বরাত দিয়ে প্রেস সচিব বলেন, পাবনা-১ ও পাবনা-২ আসন নিয়ে সৃষ্ট জটিলতা দূর হয়েছে। ফলে সব আসনেই ভোট হবে। একই সঙ্গে বুধবার মধ্যরাত থেকেই ব্যালট পেপার ছাপা শুরু হবে।

শফিকুল আলম জানান, নির্বাচনের প্রস্তুতি নিয়ে সরকারের উচ্চপর্যায়ের জরুরি বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টার নেতৃত্বে। এতে নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করা হয়েছে। ভোটের সময় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং লুট হওয়া অস্ত্র উদ্ধারে জোর দেওয়া হয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশের কাছে থাকবে ২৫ হাজার ৫০০ বডি ওর্ন ক্যামেরা, যার ফুটেজ নির্বাচনী সুরক্ষা অ্যাপে যুক্ত হয়ে দ্রুত প্রতিক্রিয়া নিশ্চিত করবে।

তিনি আরও বলেন, নির্বাচনের দিন সশস্ত্র বাহিনী রিটার্নিং কর্মকর্তার অধীনে সমন্বিতভাবে কাজ করবে। মাঠে থাকবে দেড় লাখ পুলিশ, এক লাখ সেনা সদস্য, নৌবাহিনীর পাঁচ হাজার, বিমান বাহিনীর তিন হাজার ৭০০ সদস্য, পাঁচ লাখ ৭৬ হাজার আনসার, বিজিবির ৩৮ হাজার, র‍্যাবের প্রায় আট হাজার এবং ফায়ার সার্ভিসের ১৩ হাজার ৩৯০ জন সদস্য। নিরাপত্তায় থাকবে ৫০০ ড্রোনও।

এবার নির্বাচনে অংশ নেবেন ১,৮৪২ জন বৈধ প্রার্থী। দায়িত্বে থাকবেন ৬৯ জন রিটার্নিং অফিসার, ৬৫৭ জন বিচারিক ম্যাজিস্ট্রেট এবং এক হাজার ৪৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জেলা প্রশাসকরা জেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।