বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ‘পলিসি সামিট ২০২৬’ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। এতে আমেরিকা, যুক্তরাজ্য, ভারত, পাকিস্তানসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধিরা অংশগ্রহণ করছেন।

জামায়াত সূত্রে জানা গেছে, সকাল থেকেই বিভিন্ন দেশের প্রতিনিধি সামিটে যোগ দেন। ইউরোপীয় ইউনিয়ন, চীন, জাপান, জার্মানি, ফ্রান্স, কোরিয়া, ইরান, মালয়েশিয়া, তুরস্ক, মালদ্বীপ, ব্রুনাই ও শ্রীলঙ্কাসহ প্রায় ৩০টি দেশের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সামিটের শুরুতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা। নির্বাচনকে সামনে রেখে নতুন ও সমৃদ্ধ বাংলাদেশের রাজনৈতিক ও অর্থনৈতিক রূপরেখা প্রকাশ করে জামায়াত।

ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস একটি দীর্ঘ ও অসমাপ্ত সংগ্রামের ইতিহাস— রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি ও মানবিক মর্যাদার সংগ্রাম। তিনি উল্লেখ করেন, ১৯৪৭ সালে ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির আকাঙ্ক্ষা এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার মূল লক্ষ্য ছিল সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তি। তবে পাঁচ দশকের বেশি সময় পার হলেও সেই প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি আরও বলেন, গত ১৭ বছরে শাসনব্যবস্থার ব্যর্থতা ও কর্তৃত্ববাদী চর্চার কারণে গণতান্ত্রিক প্রতিষ্ঠান দুর্বল হয়েছে, জবাবদিহি কমেছে এবং নাগরিকদের কণ্ঠস্বর সংকুচিত হয়েছে। ২০২৪ সালের জুলাইয়ে জনগণ— বিশেষ করে তরুণরা— নিজেদের অধিকার ও ভবিষ্যৎ পুনরুদ্ধারের দাবিতে দাঁড়িয়ে গেছে।

জামায়াত আমির বলেন, “ফ্যাসিবাদী শাসনের একটি অন্ধকার অধ্যায় পার করে আমরা এখন গণতান্ত্রিক রূপান্তরের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি। এই পথে এখনো বড় বড় চ্যালেঞ্জ রয়ে গেছে।”

 

‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার রূপরেখা প্রকাশ

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী ‘নতুন ও সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক রূপরেখা প্রকাশ করেছে।

জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সরকার গঠনের সুযোগ পেলে এক কোটি যুবককে খাতভিত্তিক প্রশিক্ষণ দিয়ে ৫০ লাখ যুবকের চাকরি নিশ্চিত করা হবে এবং ১৫ লাখ ফ্রিল্যান্সার তৈরি করা হবে। দক্ষ জনশক্তি ও জব প্লেসমেন্টের জন্য নতুন মন্ত্রণালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও তুলে ধরা হয়।

শিক্ষা খাতে বলা হয়, গ্র্যাজুয়েশন শেষে চাকরি না পাওয়া পাঁচ লাখ শিক্ষার্থীকে সর্বোচ্চ দুই বছর মেয়াদি মাসিক ১০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হবে। এক লাখ শিক্ষার্থীর জন্য মাসিক ১০ হাজার টাকা শিক্ষাঋণ এবং প্রতিবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ১০০ শিক্ষার্থীকে সুদমুক্ত শিক্ষাঋণ প্রদান করা হবে। ইডেন, বদরুন্নেসা ও হোম ইকোনমিকস কলেজ একীভূত করে বিশ্বের সর্ববৃহৎ নারী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও ঘোষণা করা হয়।

স্বাস্থ্য খাতে জামায়াত জানিয়েছে, ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্ক ও পাঁচ বছরের নিচে শিশুদের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হবে। ৬৪ জেলায় ৬৪টি বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হবে।

আইসিটি খাতে ‘ভিশন ২০৪০’ ঘোষণা করে বলা হয়, ২০৩০ সালের মধ্যে ২০ লাখ আইসিটি জব সৃষ্টি ও প্লেসমেন্ট করা হবে। আইসিটি খাত থেকে ৫০০ কোটি মার্কিন ডলার রপ্তানি আয় এবং সরকারের ১৫০ কোটি মার্কিন ডলার ব্যয় সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হবে।

রেমিট্যান্স আয় বাড়াতে দক্ষ জনশক্তি গড়ে তুলে পাঁচ থেকে সাত বছরের মধ্যে আয় দুই থেকে তিন গুণ বৃদ্ধি করার পরিকল্পনা জানানো হয়।

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশের প্রধান চ্যালেঞ্জ এখন টিকে থাকা নয়, বরং স্থিতিশীলতা নিশ্চিত করা। তিনি বলেন, “কাজ শেষ হয়নি, আরেকবার যুবক হয়ে লড়তে হবে। অতীতে দেশকে লুটপাট করে কঙ্কাল বানানো হয়েছে, আমরা সেই কঙ্কালকে জীবন্ত বাংলাদেশে রূপ দেব।”