আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া গণভোটে ‘হ্যাঁ’-তে সিল দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, নতুন বাংলাদেশ গড়ার চাবি এখন জনগণের হাতে।
বাংলাদেশ টেলিভিশনে সম্প্রচারিত বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ-অভ্যুত্থান দেশের ইতিহাসে এক অসাধারণ অর্জন। এর মাধ্যমে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। তিনি উল্লেখ করেন, ইতোমধ্যে কিছু সংস্কার কার্যক্রম শুরু হয়েছে, তবে আরও গভীর ও সুদূরপ্রসারী সংস্কারের জন্য জনগণের সরাসরি সম্মতি প্রয়োজন। সেই উদ্দেশ্যেই গণভোটের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা বলেন, ‘হ্যাঁ’-তে সিল দিলে বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। জনগণের সম্মতি ছাড়া সরকার আর ইচ্ছেমতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতি নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে এবং সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়বে।
ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠনের প্রস্তাবও তুলে ধরেন তিনি। পাশাপাশি নাগরিকদের মৌলিক অধিকার আরও সুরক্ষিত করার অঙ্গীকারের কথা জানান। জুলাই সনদের অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে—রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষার সাংবিধানিক স্বীকৃতি, রাষ্ট্রপতির ক্ষমা প্রদানের সীমাবদ্ধতা এবং প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কেন্দ্রীভূত না থাকা।
দেশবাসীর উদ্দেশে প্রধান উপদেষ্টা বলেন, “‘হ্যাঁ’-তে সিল দিন, আপনার পরিচিত সবাইকে সিল দিতে উদ্বুদ্ধ করুন এবং তাদেরকে ভোটকেন্দ্রে নিয়ে আসুন। দেশ পাল্টে দিন।”




