এটি কোনো সিনেমার শুটিংয়ের দৃশ্য নয়। সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, অস্ত্র উদ্ধার অভিযানে অংশ নেওয়া র্যাব সদস্যদের ওপর হঠাৎ করেই হামলা চালায় সশস্ত্র দুর্বৃত্তরা। মুহূর্তের মধ্যেই এলাকাটি পরিণত হয় রণক্ষেত্রে।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে অস্ত্র উদ্ধারের অভিযানে গিয়ে সন্ত্রাসীদের অতর্কিত হামলায় র্যাব–৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) মোতালেব হোসেন ভূঁইয়া নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিন র্যাব সদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে ১০ নম্বর সলিমপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক আহসান হাবীব পলাশ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও পরে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত মোতালেব হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহতরা হলেন ল্যান্স নায়েক ইমাম, নায়েক আরিফ ও কনস্টেবল রিফাত।
র্যাব সূত্র জানায়, অস্ত্র উদ্ধারের অভিযানে গেলে ইয়াছিন বাহিনীর সদস্যরা র্যাব সদস্যদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। পাল্টা আত্মরক্ষার্থে র্যাবও গুলি ছোড়ে। মুহূর্তেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। হামলার সময় র্যাবের কয়েকজন সদস্যকে ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী এলাকা থেকে পশ্চিমে অবস্থিত জঙ্গল সলিমপুর মূলত একটি দুর্গম পাহাড়ি অঞ্চল। জায়গাটি দীর্ঘদিন ধরে অবৈধ বসতি, দখল ও প্লট বাণিজ্যের কারণে সন্ত্রাসীদের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত হয়েছে। এলাকাজুড়ে সশস্ত্র পাহারা ও প্রবেশ নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। অতীতে পুলিশ, জেলা প্রশাসন ও গণমাধ্যমকর্মীরাও এখানে হামলার শিকার হয়েছেন।
এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে গিয়ে জেলা প্রশাসন ও পুলিশের অন্তত ২০ জন সদস্য আহত হন। ২০২২ সালেও একাধিকবার র্যাব ও পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির ঘটনা ঘটে। সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর দখল ও নিয়ন্ত্রণ নিয়ে সহিংসতা আরও বেড়েছে বলে আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে।
সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় সন্ত্রাসীদের বিরুদ্ধে শিগগিরই সাঁড়াশি অভিযান চালানো হবে।




