বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আমরা চাই সবার অংশগ্রহণে সুন্দর নির্বাচন: সিইসি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সংসদ নির্বাচন ও গণভোট সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রত্যাশা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সিইসি বলেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা প্রয়োজন। আমরা চাই সবার অংশগ্রহণে একটা সুন্দর নির্বাচন হোক।”

রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে টানা নয় দিনের আপিল শুনানি শেষে তিনি এ কথা বলেন। সিইসির সভাপতিত্বে পূর্ণাঙ্গ কমিশন রিটার্নিং অফিসারদের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে আপিল শুনানি সম্পন্ন করে।

সিইসি জানান, আপিল নিষ্পত্তিতে কোনো পক্ষপাতিত্ব করা হয়নি। তিনি বলেন, “আমরা অনেক বিশ্লেষণ করে যেটা সঠিক মনে করেছি সেটাই করেছি। অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে এক শতাংশ ভোটের শর্ত শিথিল করা হয়েছে।”

তিনি তরুণদের সচেতনতা ও জনগণের সহযোগিতার প্রশংসা করে বলেন, “আমি খুবই খুশি যে আমাদের দেশের মানুষ এত সচেতন। বিশেষ করে তরুণরা।”

এসময় উপস্থিত আপিলকারীরা সিইসিকে সহযোগিতার আশ্বাস দেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, টানা নয় দিনে মোট ৬৪৫টি আপিল শুনানি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে ২৯৮ আসনে মনোনয়ন জমা, বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে দুই হাজার ২৩০টির বেশি প্রার্থী বৈধতা পেয়েছেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ থাকবে। ২১ জানুয়ারি প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে।

এদিকে পাবনা-১ ও পাবনা-২ আসনে রবিবার মনোনয়নপত্র জমার শেষ সময় নির্ধারিত রয়েছে। বাছাই ও আপিল নিষ্পত্তি শেষে প্রার্থীদের তালিকা চূড়ান্ত হবে।

সব মিলিয়ে ৩০০ আসনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি। একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।