বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সাংবাদিকদের স্বাধীনতা রক্ষায় বিকল্প পেশার পরামর্শ শফিক রেহমানের

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সাংবাদিকদের স্বাধীনতা বজায় রাখতে হলে বিকল্প পেশাগত দক্ষতা ও আয় নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন দৈনিক যায়যায়দিনের সম্পাদক শফিক রেহমান।

শনিবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের (কেআইবি) মিলনায়তনে আয়োজিত ‘গণমাধ্যম সম্মিলন ২০২৬’-এ তিনি এ আহ্বান জানান।

সংবাদপত্রের মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এবং সম্পাদক পরিষদ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।

শফিক রেহমান বলেন, “সাংবাদিকতা শুধু চাকরি নয়, এটি একটি নৈতিক দায়িত্ব। তবে মাস শেষে সংসার চালাতে অর্থের প্রয়োজন হয়। তাই সাংবাদিকদের উচিত শিক্ষকতা, গবেষণা বা অর্থনীতির মতো বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জন করা, যাতে প্রয়োজনে বিকল্প আয়ের পথ থাকে।”

তিনি আরও বলেন, সাংবাদিকদের ‘দালাল’ বলা হলে তাঁর কষ্ট হয়। “কিছুদিন আগে যারা আওয়ামী লীগের পক্ষে ছিল, তারা এখন বিএনপির হয়ে গেছে। এই ম্যাজিকের পাল্লায় পড়বেন না। এতে সম্মান বাড়ে না, বরং কমে যায়।”

প্রবীণ এই সম্পাদক সাংবাদিকতার মর্যাদা ফিরিয়ে আনার দায়িত্ব সাংবাদিকদের ওপরই বর্তায় বলে মন্তব্য করেন। তিনি প্রস্তাব দেন, পত্রিকার জন্য একটি স্ট্যান্ডার্ড কমিটি গঠন করা উচিত, যা সম্পাদনা ও পেশাগত নীতিমালার মান নির্ধারণ করবে।

নিজের জীবনের অভিজ্ঞতা তুলে ধরে শফিক রেহমান বলেন, ১৯৮৬ সালে তাঁকে দেশ ছাড়তে হয় এবং দীর্ঘ ২৯ বছর লন্ডনে নির্বাসিত জীবন কাটাতে হয়। সেখানে তিনি ব্রিটিশ গণমাধ্যমে কাজ করেছেন এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বদের সঙ্গে যুক্ত ছিলেন। তবে রাজনৈতিক নেতাদের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতা এড়িয়ে চলেছেন বলে জানান।

শারীরিক সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, জেলখানায় যাওয়ার পর তিনি বাম চোখ ও কান হারিয়েছেন, ডান চোখে আংশিক দেখেন এবং ডান কানে কম শোনেন। তবু এসব প্রতিবন্ধকতা তাঁকে মতপ্রকাশ থেকে বিরত রাখতে পারেনি।