বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

গুম-খুনের শিকার পরিবারের পাশে থাকার অঙ্গীকার করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিগত সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৭ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক মতবিনিময়সভায় তিনি এ প্রতিশ্রুতি দেন। তিনি আশ্বাস দেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি হত্যা, গুম ও খুনের বিচার করা হবে।

তারেক রহমান বলেছেন, ‘দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের তীব্রতা কখনো কখনো হয়তো কিছুটা স্তিমিত হয়েছে আবার কখনও আন্দোলন তুঙ্গে উঠেছে। এই আন্দোলন করতে গিয়ে বছরের পর বছর ধরে অসংখ্য গুম-খুন-অপহরণ, মিথ্যা মামলার হয়রানি, নির্যাতনের পরও বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। একই পরিবারের এক ভাই গুম হয়েছে, আরেক ভাই গিয়ে তার জায়গায় পরের দিন রাজপথে আন্দোলনকে আরও তীব্রতর করার শপথ নিয়ে দাঁড়িয়ে গেছে। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা।’

তিনি বলেন, ‘তাই আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপসহীন ভূমিকা রাখতে পারে, ষড়যন্ত্র করে কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না।’

‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’-এর যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় সারাদেশ থেকে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁদের কান্নাজড়িত বক্তব্যে উঠে আসে প্রিয়জন হারানোর বেদনা ও বিচার না পাওয়ার হতাশা।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘গুম-খুনের সেই বিভীষিকাময় দিনের বা রাতের অবসান হয়েছে। বাংলাদেশ, বাংলাদেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে। যেসব মানুষরা তাদের স্বজন হারিয়েছেন, যেসব মায়েরা তাদের সন্তান হারিয়েছেন, যেসব বোনেরা তাদের স্বামীকে হারিয়েছেন, যেসব সন্তানেরা তাদের পিতাকে হারিয়েছেন, তাদের সত্যিকারভাবে যদি বলতে হয়, আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা বোধ হয় আমাদের কাছে নেই। এক দুঃসহ সময় আমরা অতিক্রম করেছি।’

তিনি বলেন, ‘অনেক সন্তান এখনো অপেক্ষায় আছে যে তাদের সেই গুম বা হারিয়ে যাওয়া পিতা হয়তো হঠাৎ করে তাদের দরজায় এসে কড়া নাড়বে। অনেক মা হয়তো এখনো অপেক্ষায় আছেন, তার গুম হয়ে যাওয়া প্রিয় সন্তানটি হঠাৎ করেই মায়ের সামনে এসে হাজির হয়ে মা বলে ডাকবে।’

তারেক রহমান বলেন, ‘ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা গুম হয়েছেন, যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি আগামী দিনে গণতান্ত্রিক যে রাষ্ট্রের আকাঙ্ক্ষা আমরা করছি, সেই গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকারের অবশ্যই অনেক অনেক দায় ও দায়িত্ব রয়েছে। রাষ্ট্র কখনোই আপনাদেরকে ভুলে যেতে পারে না। সব শহীদের আত্মত্যাগকে জনমনে স্মরণীয় করে রাখতে আগামী দিনে বিএনপি কিছু পরিকল্পনা গ্রহণ করেছে। নির্বাচন কমিশনের বাধ্যবাধকতার কারণে এই মুহূর্তে আমি হয়তো বিস্তারিতভাবে সেই পরিকল্পনা আজকের এই অনুষ্ঠানে তুলে ধরতে পারছি না।’

তিনি আরও বলেন, ‘বলতে যদিও কষ্ট হচ্ছে যে আমরা দেখেছি নির্বাচন কমিশনের সম্প্রতি কিছু বিতর্কিত ভূমিকা বা বিতর্কিত অবস্থান। তারপরেও একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে আমরা ধৈর্যের পরিচয় দিতে চাই। তবে প্রজন্ম থেকে প্রজন্ম ধরে গণতন্ত্রকামী মানুষ যেন এই শহীদ বা এই গুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি, এখনো যাদের অপেক্ষায় পরিবার রয়েছে, সেই শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে।’

তারেক রহমান বলেন, আজ আবারও এই স্বজনহারা মানুষগুলোর সামনে আমি তুলে ধরতে চাই, আমাদের দল বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে রাষ্ট্র গঠনে, সরকার গঠনে সক্ষম হলে আমরা এই শহীদ পরিবারদের নামে রাষ্ট্রের-দেশের গুরুত্বপূর্ণ সড়ক কিংবা রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি-বেসরকারি স্থাপনার নামকরণ করব। যাতে প্রজন্মের পর প্রজন্ম এই শহীদদেরকে গৌরবের সঙ্গে স্মরণ রাখতে পারে।

আমাদের সামনে দায়িত্বশীল একটি মানবিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে উল্লেখ করে বিএনপির চেয়ারম্যান বলেন, ‘কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে একটি অবস্থা তৈরি করার চেষ্টা করছে, যেখানে এই গণতন্ত্রের পথ যাতে বাধাগ্রস্ত হয়। দলমত নির্বিশেষে বাংলাদেশের প্রতিটি মানুষ, যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, সেই প্রতিটি মানুষকে আজ সজাগ থাকার জন্য আমি অনুরোধ করব, যারা বিভিন্ন উসিলা দিয়ে বিতর্ক তৈরি করে গণতন্ত্রের পথকে আবার নষ্ট বা ব্যাহত করার চেষ্টা করছেন, তারা যাতে সফল না হয়।’

সভায় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, প্রয়াত সালাহউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, বিএনপির কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, গুম হওয়া এম ইলিয়াস আলীর সহধর্মিণী তাহসিনা রুশদীর লুনাসহ গুম-খুনের শিকার পরিবারের সদস্যরা।

অনুষ্ঠানে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় যখন গুম হওয়া নেতাদের সন্তান ও স্বজনরা তাঁদের কষ্টের কথা তুলে ধরেন। ছাত্রদল নেতা পারভেজ হোসেনের মেয়ে আদিবা ইসলাম হৃদি বাবাকে ফিরে পাওয়ার আকুতি জানালে তারেক রহমান আবেগ ধরে রাখতে পারেননি। একইভাবে সাতক্ষীরার অলিউল্লাহ অলির স্ত্রী ছালিমা বেগম স্বামীর নির্মম হত্যার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

তারেক রহমান বলেন, “গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের আত্মত্যাগকে অমর্যাদা করা যাবে না। দেশে একটি দায়িত্বশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে নির্যাতিতদের ন্যায়বিচার নিশ্চিত হবে।” তিনি আরও আহ্বান জানান, দল-মত নির্বিশেষে গণতন্ত্রে বিশ্বাসী সবাইকে সজাগ থাকতে হবে, যাতে গণতন্ত্রের পথ ব্যাহত না হয়।

প্রায় আড়াই ঘণ্টাব্যাপী এই সভা গুম-খুনের শিকার পরিবারগুলোর আর্তনাদ ও ন্যায়বিচারের দাবির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিএনপি চেয়ারম্যানের আশ্বাসে উপস্থিত স্বজনরা কিছুটা সান্ত্বনা পেলেও তাঁদের দাবি—প্রিয়জনদের গুম ও হত্যার সুষ্ঠু তদন্ত এবং বিচার দ্রুত নিশ্চিত করা হোক।