বাংলাদেশ–আমেরিকা দ্বিপক্ষীয় বাণিজ্য নিয়ে পৃথক দুটি ভার্চুয়াল বৈঠক করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত এই বৈঠকগুলোতে শুল্কহার, বিনিয়োগ এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে ভার্চুয়ালি বৈঠকে অংশ নেন তারেক রহমান। প্রায় আধাঘণ্টার এই বৈঠকে বাংলাদেশ–আমেরিকা বাণিজ্য, পারস্পরিক শুল্কহার এবং অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়। বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির। আমেরিকার পক্ষ থেকে অংশ নেন ব্রেন্ডান লিঞ্চ, এমিলি অ্যাশবি, রিক সুইৎজার, স্যাম মুলোপুলোস এবং ডি. আর. সেকিঞ্জার।
বৈঠকে তারেক রহমান জানান, সরকার যে বাণিজ্য আলোচনায় অগ্রসর হয়েছে, তাতে বিএনপির কোনো আপত্তি নেই।
অন্যদিকে একই দিনে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ভার্চুয়াল বৈঠকে অংশ নেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৈঠকে বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য বিশেষ শুল্ক সুবিধা এবং আমেরিকার বিনিয়োগ বৃদ্ধির বিষয় আলোচিত হয়। জামায়াতের পক্ষ থেকে অংশ নেন আমেরিকা মুখপাত্র প্রফেসর ড. মোহাম্মদ নাকিবুর রহমান।
বৈঠকে ডা. শফিকুর রহমান জানান, পারস্পরিক শুল্ক চুক্তি দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নের ভিত্তি তৈরি করেছে এবং আগামী নির্বাচনের পর সরকার গঠন করলে এই চুক্তির পূর্ণ বাস্তবায়ন করা হবে।
তিনি আমেরিকার ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি)-এর তহবিলে বাংলাদেশের প্রবেশাধিকারের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং রাষ্ট্রদূত গ্রিয়ারকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।




