বৃহস্পতিবার

,

১৬ই এপ্রিল, ২০২৬

বাংলাদেশিদের সব ধরনের ভিসা স্থগিত করেনি আমেরিকা : বাংলাফ্যাক্ট

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য আমেরিকা সব ধরনের ভিসা স্থগিত করেনি। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর ফ্যাক্টচেক ও মিডিয়া রিসার্চ টিম ‘বাংলাফ্যাক্ট’ এ তথ্য জানিয়েছে।

বাংলাফ্যাক্ট জানায়, আমেরিকা মূলত বাংলাদেশসহ বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা (ইমিগ্র্যান্ট ভিসা) দেওয়ার প্রক্রিয়া স্থগিত করেছে। তবে নন-ইমিগ্র্যান্ট ভিসা—যেমন শিক্ষা, চিকিৎসা, ভ্রমণ ও ব্যবসায়িক ভিসা—স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেয়নি।

তাদের অনুসন্ধানে দেখা যায়, কিছু দেশীয় গণমাধ্যমে ভুলভাবে প্রকাশিত হয়েছে যে আমেরিকা বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে। বাস্তবে কেবল অভিবাসী ভিসা স্থগিত করা হয়েছে।

ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠানগুলো বলছে, গত বছর থেকে ভারতীয় গণমাধ্যম, ভারত থেকে পরিচালিত বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট এবং দেশের কিছু ফেসবুক পেজ থেকে বাংলাদেশকে ঘিরে নানা ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। এসব অপতথ্য বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার ও চলমান আন্দোলনে অংশ নেওয়া দল ও সংগঠনকে লক্ষ্য করে ছড়ানো হচ্ছে।

বাংলাফ্যাক্ট, যা পিআইবি’র ফ্যাক্টচেক, মিডিয়া রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস টিম হিসেবে কাজ করে, নিয়মিত বিভ্রান্তিকর তথ্য যাচাই করে সত্য তুলে ধরে এবং গণমাধ্যম নিয়ে গবেষণা করে। প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ইন্টারনেটে ছড়িয়ে পড়া শত শত ভুল তথ্য শনাক্ত করেছে।

বাংলাদেশে চলমান গুজব ও ভুয়া খবর প্রতিরোধে এবং জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দিতে দায়িত্ব পালন করছে বাংলাফ্যাক্ট।