আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল আদেশের বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানিতে দুই দিনে ১১০ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।
রবিবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিনের শুনানিতে মোট ৫৮টি আপিল মঞ্জুর করা হয়েছে। একই দিনে সাতটি আপিল নামঞ্জুর বা বাতিল করা হয় এবং ছয়টি আপিলের শুনানি অপেক্ষমাণ রাখা হয়।
রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে শুরু হয়ে দুপুরে বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত আপিল শুনানি চলে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে ফুল কমিশন শুনানি গ্রহণ করে।
এর আগে শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে ৫২টি মঞ্জুর, ১৫টি নামঞ্জুর এবং তিনটি মুলতবি রাখা হয়। এ পর্যন্ত দুই দিনে মোট ১১০টি আপিল মঞ্জুর হয়েছে।
ইসি’র পরিচালক (জনসংযোগ) মো. রুহুল আমিন মল্লিক জানিয়েছেন, আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত। শনিবার ১ থেকে ৭০ নম্বর আপিল এবং রবিবার ৭১ থেকে ১৪০ নম্বর আপিলের শুনানি সম্পন্ন হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ১৪১-২১০ নম্বর এবং মঙ্গলবার (১৩ জানুয়ারি) ২১১-২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিটি আপিলের ফলাফল মনিটরে প্রদর্শন করা হবে, রায়ের পিডিএফ কপি সংশ্লিষ্ট রিটার্নিং অফিসার ও প্রার্থীর ই-মেইলে পাঠানো হবে এবং কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এছাড়া নির্ধারিত তারিখে নির্বাচন ভবনের অভ্যর্থনা ডেস্ক থেকে রায়ের অনুলিপি বিতরণ করা হবে।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন জমা পড়েছে। গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়।




