বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে আমেরিকার প্রতি আহ্বান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশি ব্যবসায়ীদের আমেরিকা ভ্রমণ প্রক্রিয়া সহজ করার আহ্বান জানিয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। ওয়াশিংটন ডিসিতে স্থানীয় সময় বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি (ইউএসটিআর) জেমিসন গ্রিয়ারের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

সম্প্রতি আমেরিকা ব্যবসা ও ভ্রমণ ভিসায় ভিসা বন্ড নীতি চালু করেছে। এই নীতির আওতাভুক্ত ৩৮ দেশের মধ্যে বাংলাদেশও রয়েছে। নীতি অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি থেকে ভিসা পাওয়ার উপযুক্ত আবেদনকারীদের ৫, ১০ কিংবা সর্বোচ্চ ১৫ হাজার ডলার জামানত দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় তা প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা।

বৈঠকে খলিলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে ব্যবসায়িক যোগাযোগ বাড়ছে। তবে ভিসা বন্ড নীতি বাংলাদেশি ব্যবসায়ীদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করবে। তিনি আমেরিকাকে আহ্বান জানান, বাংলাদেশি ব্যবসায়ীদের ভ্রমণ সহজ করতে এ নীতির পুনর্বিবেচনা করা প্রয়োজন।

বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা জানান, বৈঠকে খলিলুর রহমান বাংলাদেশ-আমেরিকার বাণিজ্য ঘাটতি কমানোর অগ্রগতি তুলে ধরেন। তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ আমেরিকা থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

এ সময় খলিলুর রহমান ২০ শতাংশ পারস্পরিক শুল্ক কমানোর প্রস্তাব দেন। জেমিসন গ্রিয়ার এ প্রস্তাব ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি আমেরিকার কাঁচামাল ব্যবহৃত পোশাকপণ্যের ওপর আরোপিত শুল্ক কমানো বা প্রত্যাহারের বিষয়েও গুরুত্বসহকারে বিবেচনা করবেন বলে জানান।

উভয় পক্ষ দ্রুত অমীমাংসিত বিষয়গুলো নিষ্পত্তির ব্যাপারে একমত হয়, যাতে পারস্পরিক শুল্কচুক্তি দ্রুত কার্যকর করা যায়। এছাড়া খলিলুর রহমান বাংলাদেশের বেসরকারি খাতের জন্য ডিএফসি তহবিলে প্রবেশাধিকার দেওয়ার অনুরোধ জানান। আমেরিকার বাণিজ্য প্রতিনিধি এসব বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন।