আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনে (ইসি) দায়ের করা আপিলগুলোর শুনানি আগামী ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে ফুল কমিশন এ শুনানি গ্রহণ করবেন।
শুক্রবার (৯ জানুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আরিফুর রহমান স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, প্রতিটি আপিলের শুনানিকালে আপিলকারীসহ সর্বোচ্চ তিনজনের বেশি কেউ শুনানি কক্ষে প্রবেশ করতে পারবেন না। শৃঙ্খলা বজায় রাখা ও কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইসি সূত্রে জানা যায়, মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারদের সিদ্ধান্তের বিরুদ্ধে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়েছে। এর মধ্যে শেষ দিনে শুক্রবার ১৭৬টি আপিল জমা পড়ে।
শুনানির সময়সূচি অনুযায়ী—শনিবার (১০ জানুয়ারি): ১ থেকে ৭০ নম্বর আপিল; রবিবার (১১ জানুয়ারি): ৭১ থেকে ১৪০ নম্বর আপিল; সোমবার (১২ জানুয়ারি): ১৪১ থেকে ২১০ নম্বর আপিল; মঙ্গলবার (১৩ জানুয়ারি): ২১১ থেকে ২৮০ নম্বর আপিল; পরবর্তী আপিল শুনানির তারিখ শীঘ্রই জানিয়ে দেওয়া হবে।
গত ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২টি বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৩ জনের প্রার্থীতা বাতিল করা হয়। এর বিরুদ্ধে আপিল গ্রহণ শুরু হয় ৫ জানুয়ারি এবং শেষ হয় ৯ জানুয়ারি।
এদিকে নির্বাচন কমিশন ব্যালট পেপার, অফিশিয়াল সিল, ব্রাস সিলসহ সব নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা ও গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর নির্দেশনা জারি করেছে। ভোটকেন্দ্রভিত্তিক বিতরণ করা সামগ্রী পৌঁছানোর পর তালিকা অনুযায়ী যাচাই করতে হবে এবং কোনো ঘাটতি বা অতিরিক্ত থাকলে তাৎক্ষণিকভাবে জেলা নির্বাচন কর্মকর্তাকে জানাতে হবে।




