বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১৮ জানুয়ারি তারেক রহমানের কক্সবাজার ও চট্টগ্রাম সফর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার হয়ে চট্টগ্রামে যাচ্ছেন। দীর্ঘ দুই দশক পর তাঁর এই সফরকে ঘিরে রাজনৈতিক মহলে আগ্রহ দেখা দিয়েছে। তবে সফরে আপাতত কোনো রাজনৈতিক কর্মসূচি নেই বলে জানা গেছে।

চট্টগ্রাম নগর বিএনপির আয়োজনে ওইদিন বিকেলে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ প্রাঙ্গণে সাবেক প্রধানমন্ত্রী ও তাঁর মা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নেবেন তিনি।

চট্টগ্রাম নগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান জানান, তারেক রহমান ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজার পৌঁছাবেন। সেখানে তিনি ২০২৪ সালের ছাত্র-জনতার আন্দোলনে শহীদ চট্টগ্রাম কলেজ ছাত্রদলের নেতা ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। পরে সড়কপথে চট্টগ্রামে গিয়ে দোয়া মাহফিলে অংশ নেবেন।

ওয়াসিম আকরাম ছিলেন চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ। তিনি চট্টগ্রাম কলেজে স্নাতক তৃতীয় বর্ষে অধ্যয়নরত অবস্থায় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে আন্দোলনে সক্রিয় ছিলেন।

চট্টগ্রাম নগর বিএনপির নেতারা জানিয়েছেন, ১৮ জানুয়ারি রাতে তারেক রহমান চট্টগ্রামেই অবস্থান করবেন। তবে ১৯ জানুয়ারির কোনো কর্মসূচি এখনো কেন্দ্র থেকে জানানো হয়নি। তাঁর সফরে কারা সঙ্গী হবেন, সেটিও এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, সর্বশেষ ২০০৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী মীর মোহাম্মদ নাছির উদ্দিনের পক্ষে গণসংযোগ করতে চট্টগ্রামে গিয়েছিলেন তারেক রহমান। সে হিসাবে প্রায় ২০ বছর পর তিনি আবার চট্টগ্রামে যাচ্ছেন।