বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এবং প্রেস সচিব সালেহ শিবলী।
সাক্ষাৎ শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, চীন নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত এবং নির্বাচন-পরবর্তী সময়ে কীভাবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে জানান, তাঁর দেশ বাংলাদেশের নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। এছাড়া তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে তারেক রহমানকে সমবেদনা জানান।
চার দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের উত্তরাঞ্চলে চার দিনের সফরে যাচ্ছেন। সফরকালে তিনি বিভিন্ন জেলায় ধারাবাহিক কর্মসূচিতে অংশ নেবেন বলে বুধবার (৭ জানুয়ারি) বিএনপি চেয়ারপারসনের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নিহত জুলাই যোদ্ধা ও দীর্ঘ গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেহি আত্মার মাগফিরাত কামনা করে আয়োজিত দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য এ সফরের আয়োজন করা হয়েছে। সফরকালে তিনি নির্বাচন কমিশনের ঘোষিত আচরণবিধি পুরোপুরি অনুসরণ করবেন বলেও জানানো হয়।
সফরের প্রথম দিন ১১ জানুয়ারি ঢাকায় কর্মসূচি শেষে গাজীপুর, টাঙ্গাইল ও সিরাজগঞ্জে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন তারেক রহমান। পরে তিনি বগুড়ায় পৌঁছাবেন।
১২ জানুয়ারি বগুড়া থেকে সফর শুরু করে তিনি রংপুর, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলায় সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। একই দিনে রংপুরে জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন ও দোয়া করার কর্মসূচি রয়েছে।
১৩ জানুয়ারি তিনি পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রামে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করবেন।
সফরের শেষ দিন ১৪ জানুয়ারি রংপুরে কর্মসূচি শেষে তিনি পৈতৃক বাড়ি বগুড়ার গাবতলীতে যাবেন এবং কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়ে ঢাকায় ফিরবেন।
সফরকালে তারেক রহমান মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শহীদ আবু সাঈদ ও তৈয়বা মজুমদারসহ শহীদ জুলাই যোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করবেন। এছাড়া তাঁদের পরিবারের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।




