বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

হাদি হত্যা মামলায় ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট জমা : ডিবি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় সাবেক কাউন্সিলর বাপ্পিসহ ১৭ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, চার্জশিটে যাদের নাম উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে অন্যতম অভিযুক্ত হচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং পল্লবী থানা যুবলীগ সভাপতি তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পী এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম মাসুদ। পরিকল্পিত হামলার অংশ হিসেবে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং বাপ্পি ছিলেন এর মূল পরিকল্পনাকারী।

চার্জশিটভুক্ত আসামিদের মধ্যে পাঁচজন পলাতক রয়েছে। গ্রেফতারকৃত ১২ জনের মধ্যে রয়েছেন মাস্টারমাইন্ড ফয়সাল করিম মাসুদের বাবা হুমায়ুন কবির, মা হাসি বেগম, স্ত্রী শাহেদা পারভিন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু এবং বান্ধবী মারিয়া আক্তার লিমা। এছাড়া মুক্তি মাহমুদ, মো. কবির, নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, সিবিয়ন ডিও, সঞ্জয় চিসিম, আমিনুল ইসলাম রাজু এবং আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ছয়জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

তদন্তে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, একটি মোটরসাইকেল, জাল নম্বর প্লেট এবং ৫৩টি ব্যাংক অ্যাকাউন্টের ২১৮ কোটি টাকার চেক উদ্ধার করা হয়েছে। শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্পষ্টবাদী অবস্থানের কারণে হাদিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। রাজনৈতিক প্রতিহিংসার অংশ হিসেবেই তাকে হত্যা করা হয়।

গত ১২ ডিসেম্বর দুপুরে বিজয়নগর বক্স কালভার্ট রোডে মোটরসাইকেল থেকে গুলি করে হাদিকে গুরুতর আহত করা হয়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ ও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর সিঙ্গাপুরে নেওয়া হয় এবং ১৮ ডিসেম্বর সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হামলার পর ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের পল্টন থানায় মামলা দায়ের করেন। হাদির মৃত্যুর পর ২০ ডিসেম্বর আদালত মামলায় দণ্ডবিধির ৩০২ (হত্যা) ধারা অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন। শফিকুল ইসলাম জানান, তদন্তে নতুন কোনো নাম সামনে এলে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে।