বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ইশতেহারে গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’ অবস্থান স্পষ্ট করতে হবে: সুজন

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে ‘জুলাই জাতীয় সনদ-২০২৫’ বাস্তবায়নে স্পষ্ট ও পূর্ণাঙ্গ অঙ্গীকারের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়েছে, দলগুলোকে গণভোটের ক্ষেত্রে তারা ‘হ্যাঁ’ নাকি ‘না’ ভোটের পক্ষে—তা ইশতেহারে সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

শনিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত ‘গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় কেমন ইশতেহার চাই?’ শীর্ষক সংবাদ সম্মেলনে সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচনী ইশতেহার একটি লিখিত চুক্তি। যদিও এটি স্বাক্ষরিত নয়, তবুও এটি ভোটারদের সঙ্গে দলগুলোর প্রতিশ্রুতি। তিনি বলেন, এই চুক্তি অমান্য করলে নাগরিকদের আদালতে যাওয়ার সুযোগ থাকতে হবে এবং জনগণ যেন প্রশ্ন করতে পারে দলগুলো তাদের অঙ্গীকার কতটা বাস্তবায়ন করেছে।

বদিউল আলম মজুমদার আরও বলেন, রাজনীতির ব্যবসায়ীকরণ ও ব্যবসায়ের রাজনীতিকরণের অবসান ঘটাতে দলগুলোকে স্পষ্ট পরিকল্পনা দিতে হবে। একই সঙ্গে রাষ্ট্রযন্ত্রের অপব্যবহার রোধে টেকসই ব্যবস্থা, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহিতা নিশ্চিতকরণ, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন ও শক্তিশালী করা এবং সাংবিধানিক ভারসাম্য পুনঃপ্রতিষ্ঠার অঙ্গীকার থাকতে হবে।

তিনি দুর্নীতির বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক লড়াইয়ের প্রয়োজনীয়তা তুলে ধরে দুর্নীতি দমন কমিশনকে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ঘোষণা করার দাবি জানান। পাশাপাশি তরুণদের মেধার বিকাশ, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করে মেধাভিত্তিক সমাজ গঠনের প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর ইশতেহারে থাকতে হবে বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ডিন ড. এ কে এম ওয়ারেসুল করিম, সুজনের কোষাধ্যক্ষ সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ, জাতীয় কমিটির সদস্য একরাম হোসেন এবং কেন্দ্রীয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার।