বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সারাদেশে রাষ্ট্রীয় শোকের শেষ দিন: পতাকা অর্ধনমিত, দোয়া ও প্রার্থনা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে সারাদেশে গভীর শোক বিরাজ করছে। তাঁর রুহের মাগফেরাত কামনায় শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা দেশের সব মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে আয়োজিত দোয়ায় সাধারণ মুসল্লি, দলীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। মোনাজাতে অনেকেই অশ্রুসিক্ত হয়ে প্রয়াত নেত্রীর আত্মার শান্তি কামনা করেন।

ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, রংপুর, বগুড়া, ময়মনসিংহ, কুমিল্লাসহ দেশের প্রতিটি মসজিদে একইভাবে দোয়া অনুষ্ঠিত হয়। শুধু মুসলিম ধর্মাবলম্বীরাই নয়, মন্দির, গির্জা ও প্যাগোডাসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের শেষ দিন ছিল শুক্রবার। এদিন সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটি ঘোষণা করেন। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে তাঁকে ‘গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের আপোসহীন নেত্রী’ হিসেবে অভিহিত করে গভীর শোক প্রকাশ করা হয়।

বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান স্বজনদের সঙ্গে নিয়ে মাকে কবরে শায়িত করেন। দাফনের আগে সশস্ত্র বাহিনী রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করে।

এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত হয় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত এ জানাজাকে অনেকেই দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হিসেবে উল্লেখ করেছেন।

বিশ্ব নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। জানাজায় অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধি ও কূটনৈতিক ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।