বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পায় খালেদা জিয়ার মৃত্যুর খবর

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক গুরুত্ব পেয়েছে বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর। বিশ্বের শীর্ষ সংবাদমাধ্যমগুলো তাঁর রাজনৈতিক জীবন, গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব এবং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে অবদানকে বিশেষভাবে তুলে ধরেছে। গণতন্ত্র প্রতিষ্ঠা, বহুদলীয় রাজনীতি ও জনগণের অধিকার রক্ষায় তাঁর আপসহীন সংগ্রামকে আন্তর্জাতিক মহল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে। আন্তর্জাতিক সংবাদে খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিতে এক যুগান্তকারী অধ্যায়ের সমাপ্তি হিসেবে প্রতিফলিত হয়েছে।

বিশ্বের প্রভাবশালী সংবাদ সংস্থা ও গণমাধ্যমগুলো তাঁর রাজনৈতিক উত্থান, সংগ্রাম ও অবদানের ওপর আলোকপাত করে প্রতিবেদন প্রকাশ করেছে।

বার্তা সংস্থা এএফপি বলেছে, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, যাঁকে অনেকেই আগামী নির্বাচনে পুনরায় ক্ষমতায় ফিরতে পারেন বলে মনে করছিলেন, মঙ্গলবার সকালে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
সরকার তাঁর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ও একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে। বুধবার তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বার্তা সংস্থা এএফপি আরো বলেছে, দীর্ঘদিন অসুস্থতা ও কারাবাস সত্ত্বেও খালেদা জিয়া গত নভেম্বর মাসে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনে প্রচারণায় অংশ নেওয়ার অঙ্গীকার করেছিলেন। গত বছর গণ-অভ্যুত্থানে তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এটিই ছিল দেশের প্রথম জাতীয় নির্বাচন।

প্রভাবশালী গণমাধ্যম বিবিসিতে ‘খালেদা জিয়া: নিহত নেতার বিধবা স্ত্রী থেকে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, ৮০ বছর বয়সে মৃত্যুবরণকারী খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী।
একসময় তাঁকে তাঁর স্বামী, ১৯৭১ সালের স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা ও ১৯৭৭ সালে রাষ্ট্রপতি হওয়া জিয়াউর রহমানের ‘লাজুক গৃহিণী’ হিসেবে বর্ণনা করা হতো।
তবে ১৯৮১ সালে স্বামীর হত্যাকাণ্ডের পর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নেতৃত্বে উঠে আসেন এবং নব্বইয়ের দশক ও ২০০০-এর দশকের শুরুর দিকে দুই দফায় প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

আরেক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানায়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মৃত্যুবরণ করেছেন বলে মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে বিএনপি। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি যেসব দুর্নীতি মামলার মুখোমুখি হয়েছিলেন, সেগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন খালেদা জিয়া। চলতি বছরের জানুয়ারিতে সুপ্রিম কোর্ট তাঁর বিরুদ্ধে থাকা শেষ দুর্নীতি মামলাতেও তাঁকে খালাস দেন, যার ফলে তিনি ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পেতেন।
এপি আরও জানায়, ২০২০ সালে অসুস্থতার কারণে কারামুক্তির পর তাঁর পরিবার অন্তত ১৮ বার তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের কাছে তাঁকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়ার আবেদন জানালেও তা প্রত্যাখ্যান করা হয়।
২০২৪ সালে শেখ হাসিনার পতনের পর নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার অবশেষে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি দেয়। তিনি জানুয়ারিতে লন্ডন যান এবং মে মাসে দেশে ফেরেন।

বার্তা সংস্থা রয়টার্স শিরোনাম করে ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’।
রয়টার্স জানায়, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মৃত্যুবরণ করেন।
চিকিৎসকদের বরাতে বলা হয়, তিনি লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিসসহ বুক ও হৃদ্রোগে ভুগছিলেন।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা জানায়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও দেশের অস্থির রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘ অসুস্থতার পর ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।
প্রভাবশালী এই গণমাধ্যমটি আরও একটি প্রতিবেদন প্রকাশ করে ‘খালেদা জিয়া: বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী- ক্ষমতা ও প্রতিরোধের এক জীবন’ শিরোনামে।

ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান তাদের অনলাইন সংস্করণে লিখেছে- ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেলেন’।

ভারতের সবচেয়ে বড় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে লিখেছে- ‘খালেদা জিয়া: কয়েক দশক ধরে বাংলাদেশের রাজনীতিতে প্রভাব বিস্তারকারী এক প্রভাবশালী ব্যক্তিত্ব’।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে খালেদা জিয়া কয়েক দশক ধরে দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করেন।
দীর্ঘদিন বিএনপির নেতৃত্ব দেওয়া তিনবারের প্রধানমন্ত্রী মঙ্গলবার ভোরে ঢাকায় দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন।
পিটিআই জানায়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর ভূমিকার জন্য সমর্থকদের কাছে তিনি ব্যাপকভাবে সমাদৃত। নব্বইয়ের দশক এবং ২০০০-এর দশকের শুরুর দিকে বাংলাদেশের রাজনীতিতে তিনি ছিলেন এক প্রভাবশালী নাম।

ভারতে কলকাতার বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকা লিখেছে, ‘একদা রাজনীতিতে ঘোর অনিচ্ছুক ‘ফার্স্ট লেডি’ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী!’ জলপাইগুড়ির ‘পুতুল’ হয়ে উঠেছিলেন ‘বেগম জিয়া’-শীর্ষক প্রতিবেদনসহ বিভিন্ন প্রতিবেদন প্রকাশ করেছে।

বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের সূচনা হয় তাঁর স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর। ১৯৮২ সালে তিনি সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন এবং ৯০-এর দশকে সামরিক স্বৈরশাসনের বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দেন।

১৯৯০ সালে স্বৈরাচার পতনের পর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। পরবর্তীতে ১৯৯৬ ও ২০০১ সালে আরও দুইবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

দীর্ঘ চার দশকের রাজনৈতিক জীবনে তিনি আপোসহীন নেতৃত্বের প্রতীক হয়ে ওঠেন। তাঁর মৃত্যুতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বাংলাদেশের রাজনীতিতে একটি অধ্যায়ের অবসান হয়েছে বলে উল্লেখ করেছে।

শুধু বিএনপির প্রধানই নন, সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে তিনি অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তাঁর ইন্তেকালে দেশ-বিদেশে শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, গুলশান ও নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে শোকাহত মানুষের ভিড় দেখা গেছে। প্রবাসী বাংলাদেশিরাও গভীর শোক প্রকাশ করেছেন।