অবশেষে চলেই গেলেন বাংলাদেশের রাজনীতির আপোসহীন নেত্রী খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় ফজরের ঠিক পরে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ আজ মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে গণমাধ্যমকে জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাঁকে জানিয়েছেন, ‘আম্মা আর নেই।’
বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদটি বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জানানো হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) বাদ জোহর আনুমানিক দুপুর ২টার দিকে সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের পশ্চিম প্রান্তে কফিন রাখা হবে এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউজুড়ে জানাজা পড়ানো হবে। সর্বস্তরের জনগণ নির্বিঘ্নে অংশ নিতে পারেন এজন্য নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট দপ্তর প্রস্তুতি নিয়েছে। জানাজার পর বিকেল সাড়ে ৩টায় শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে সমাহিত করা হবে। এসময় পরিবারের সদস্য, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি, বিদেশি অতিথি ও দলীয় নেতারা উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এসব তথ্য জানিয়েছে।
দীর্ঘদিন নানা জটিল রোগে ভুগে চিকিৎসাধীন অবস্থায় তার জীবনাবসান ঘটে। বিএনপি চেয়ারপারসনের মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সোমবার রাতে হাসপাতালে গিয়ে মায়ের শয্যার পাশে অবস্থান করেন। এদিন খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্রবধূ ডা. জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর বউ শার্মিলী রহমান সিঁথি, কন্যা জাহিয়া রহমান, বড় বোন সেলিনা ইসলাম, ছোট ভাই শামিম ইস্কান্দারসহ পরিবারের সদস্যরা হাসপাতালে উপস্থিত ছিলেন।
হাসপাতাল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। স্পেশাল সিকিউরিটি ফোর্স (এএসএফ), প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর), বিজিবি ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে। কাঁটাতারের ব্যারিকেড দিয়ে হাসপাতালের প্রধান ফটক ঘিরে রাখা হয়েছে।
এক মাসেরও বেশি সময় ধরে খালেদা জিয়া সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, লিভার, ফুসফুস, হৃদরোগ ও চোখের সমস্যাসহ একাধিক জটিলতায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতা দেখা দিলে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং ২৭ নভেম্বর সিসিইউতে স্থানান্তর করা হয়।
বাংলাদেশের রাজনীতির আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের সংসদীয় নির্বাচনে একটি অনন্য রেকর্ড গড়েছেন। তিনি যে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেই বিজয়ী হয়েছেন। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনে তিনি পাঁচটি করে আসনে প্রার্থী হয়ে জয় পান। ২০০৮ সালের নির্বাচনে তিনি তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবগুলোতেই বিজয়ী হন।
বেগম খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ নাম। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং ১৯৯১ সাল থেকে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইতিহাস সৃষ্টি করেন এবং মুসলিম বিশ্বের দ্বিতীয় নির্বাচিত নারী সরকারপ্রধান হিসেবে পরিচিত হন।
১৯৪৫ সালের ১৫ আগস্ট দিনাজপুরে জন্মগ্রহণ করেন তিনি। তার বাবা ইস্কান্দার মজুমদার। তাদের আদি বাড়ি ফেনীতে। খালেদা জিয়া দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন এবং পরে সুরেন্দ্রনাথ কলেজে অধ্যয়ন করেন। ১৯৬০ সালে তিনি মুক্তিযুদ্ধের বীর উত্তম ও পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বিয়ে করেন।
রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে ফার্স্ট লেডি হিসেবে তিনি বিভিন্ন রাষ্ট্রীয় সফরে অংশ নেন। এ সময় তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং নেদারল্যান্ডসের রানি জুলিয়ানাসহ বিশ্বনেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
১৯৮১ সালে ব্যর্থ অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে সক্রিয় হন। ১৯৮২ সালের ২ জানুয়ারি তিনি বিএনপিতে সাধারণ সদস্য হিসেবে যোগ দেন। মাত্র এক বছরের মধ্যে তিনি ভাইস চেয়ারম্যান হন এবং ১৯৮৪ সালের আগস্টে দলের চেয়ারপারসন নির্বাচিত হন। এরপর থেকে তিনি বাংলাদেশের রাজনীতিতে আপোসহীন নেত্রী হিসেবে পরিচিতি লাভ করেন।




