আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ নির্বাচনী এলাকায় মোট ২ হাজার ৫৮২টি মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। অন্যদিকে প্রার্থীরা ৩ হাজার ৪০৭টি মনোনয়নপত্র গ্রহণ করেছেন বলে নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে। মনোনয়নপত্র বাছাই কার্যক্রম শুরু হবে ৩০ ডিসেম্বর এবং চলবে ৪ জানুয়ারি পর্যন্ত।
সোমবার (২৯ ডিসেম্বর) রাতে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ মহাপরিচালক ও কেন্দ্রীয় সমন্বয় কমিটির আহ্বায়ক এ এস এম হুমায়ুন কবীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইসির তথ্য অনুযায়ী—রংপুর অঞ্চলে ৩৩৮ জন মনোনয়নপত্র গ্রহণ করেছেন, দাখিল করেছেন ২৭৮ জন। রাজশাহী অঞ্চলে ৩২৯ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ২৬০ জন। খুলনা অঞ্চলে ৩৫৮ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ২৭৬ জন। বরিশাল অঞ্চলে ২১২ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ১৬৬ জন। ফরিদপুর অঞ্চলে ১৬৫ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ১৪২ জন। ঢাকা অঞ্চলে ৬৩৮ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ৪৪৪ জন। ময়মনসিংহ অঞ্চলে ৪০২ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ৩১১ জন। সিলেট অঞ্চলে ১৭৬ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ১৪৬ জন। কুমিল্লা অঞ্চলে ৪৯৬ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ৩৬৫ জন। চট্টগ্রাম অঞ্চলে ২৯৩ জন গ্রহণ করেছেন, দাখিল করেছেন ১৯৪ জন।
ইসি ঘোষিত তফসিল অনুযায়ী সোমবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সন্ধ্যায় ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, মনোনয়নপত্র দাখিলের সময় আর বাড়ানো হবে না।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন গত ১১ ডিসেম্বর জাতির উদ্দেশে ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করেন। সংশোধিত প্রজ্ঞাপন অনুযায়ী মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি হবে ১০ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।




