বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

জামায়াতসহ আট দলের সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবে এনসিপি: নাহিদ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং আরও সাতটি দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা চূড়ান্ত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তারা জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, জামায়াতে ইসলামীসহ মোট আটটি দলের সঙ্গে একযোগে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে এনসিপি সম্মত হয়েছে। এই জোট কেবল নির্বাচনী বাধা অতিক্রমের লক্ষ্যেই কাজ করবে না, বরং সংস্কার, ন্যায়বিচার, আধিপত্যবাদবিরোধী ও দুর্নীতিবিরোধী এজেন্ডা বাস্তবায়নেও কাজ করবে। পাশাপাশি গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ের জনগণের আকাঙ্ক্ষা যাতে ক্ষুণ্ন না হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হবে।

নাহিদ ইসলাম জানান, শুরুতে এনসিপি এককভাবে নির্বাচন করার পরিকল্পনা নিয়েছিল এবং ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতিও চলছিল। তবে শরীফ ওসমান হাদির প্রকাশ্য হত্যাকাণ্ডের পর রাজনৈতিক পরিস্থিতিতে নাটকীয় পরিবর্তন আসে। এতে স্পষ্ট হয় যে আধিপত্যবাদী ও আগ্রাসী শক্তিগুলো এখনও সক্রিয় রয়েছে এবং নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করছে। এই বাস্তবতায় অবাধ ও প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে বৃহত্তর জোটের প্রয়োজনীয়তা অনুভব করে এনসিপি জামায়াতসহ আটটি দলের সঙ্গে সমঝোতায় পৌঁছায়।

তিনি আরও জানান, এই জোটের ব্যানারে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। যেসব আসনে এনসিপি প্রার্থী দেবে না, সেসব আসনে জোটভুক্ত অন্য দলের প্রার্থীদের পক্ষে প্রচারে অংশ নেবে এনসিপি। দলের অভ্যন্তরে সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ভিন্নমত পোষণকারীরা নিজেদের বিবেচনায় সিদ্ধান্ত নিতে স্বাধীন থাকবেন।

এর আগে জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমান এক সংবাদ সম্মেলনে নিশ্চিত করেন যে, জামায়াতের নেতৃত্বাধীন আটদলীয় নির্বাচনী জোটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যোগ দিয়েছে।