বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

১০ দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ওসমান হাদি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানিয়েছেন, আগামী ১০ দিনের মধ্যেই এ মামলার চার্জশিট দাখিল করা হবে।

রবিবার (২৮ ডিসেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলাটি ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উপদেষ্টা জানান, এ হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে পুলিশ, বিজিবি, র‌্যাব ও অন্যান্য গোয়েন্দা সংস্থা নিবিড় ও সমন্বিতভাবে কাজ করছে। তদন্তে ইতোমধ্যে যথেষ্ট অগ্রগতি হয়েছে।

তিনি আরও বলেন, এ পর্যন্ত ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ৬ জন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং ৪ জন সাক্ষী সাক্ষ্য প্রদান করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে পাওয়া তথ্য, সাক্ষীদের জবানবন্দি ও উদ্ধারকৃত আলামত পর্যালোচনা করে মামলাটির তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদেই হাদি হত্যার বিচার সম্পন্ন করা হবে। তিনি ফ্যাসিবাদী, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক দলে আশ্রয় না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।