বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে প্রার্থী হচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্রে স্বাক্ষর করেছেন।

রবিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সংশ্লিষ্ট আসনের দলীয় সমন্বয়কদের উপস্থিতিতে তিনি মনোনয়নপত্রে সই করেন। এর আগে সকালে বিএনপি চেয়ারপার্সনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।

দলীয় সূত্র জানায়, শনিবার তারেক রহমান ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার জন্য আবেদন করেন। বিএনপির সিনিয়র নেতাদের অনুরোধে তিনি এ আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন। এ প্রেক্ষিতে বিএনপির শরিক দল বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসন ছেড়ে ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ শনিবার রাতে জানান, দলীয় প্রার্থিতা চূড়ান্ত হয়েছে এবং তারেক রহমান ঢাকা-১৭ আসন থেকে নির্বাচন করবেন।

দলীয় মিডিয়া সেলের পাঠানো বার্তায় বলা হয়, মনোনয়নপত্রে স্বাক্ষরের আগে সংশ্লিষ্ট দুই আসনের নির্বাচনী সমন্বয়কদের সঙ্গে সংক্ষিপ্ত সভায় বসেন তারেক রহমান। সভা শেষে তিনি নিজ হাতে মনোনয়নপত্রে সই সম্পন্ন করেন।

দলীয় নেতারা জানিয়েছেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর এটিই তারেক রহমানের প্রথম আনুষ্ঠানিক নির্বাচনী দাপ্তরিক কার্যক্রম।