বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রণয়নের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর ১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) গিয়ে তিনি নিবন্ধন কার্যক্রম শেষ করেন।
তারেক রহমানের সঙ্গে তাঁর কন্যা ব্যারিস্টার জাইমা রহমানও একই প্রক্রিয়া সম্পন্ন করেছেন। তাঁরা ঢাকা-১৭ আসনের গুলশান এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের ভোটার হিসেবে নিবন্ধিত হবেন। এর আগে গত জুনে ডা. জুবাইদা রহমান ভোটার হন।
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ভোটার তালিকা আইনের ১৫ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন যেকোনো সময় উপযুক্ত ব্যক্তিকে ভোটার করতে পারে। এ ক্ষেত্রে আইনগত কোনো বাধা নেই।
ইসি সচিব আখতার আহমেদ বলেন, তাঁরা ফর্ম-২ পূরণ করেছেন, ছবি তুলেছেন, বায়োমেট্রিকস দিয়েছেন এবং ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য আবেদন করেছেন।
এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর জানান, ছবি, আঙুলের ছাপ ও চোখের আইরিশ সংগ্রহ করে ডেটাবেইসে আপলোড করা হয়। এরপর ক্রসম্যাচিং শেষে একটি নম্বর জেনারেট হয়। এই প্রক্রিয়া সম্পন্ন হতে কয়েক ঘণ্টা সময় লাগে।
২০০৮ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথম ছবিসহ ভোটার তালিকা তৈরি হয়। সে সময় বিদেশে থাকায় তারেক রহমান ও তাঁর পরিবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। আওয়ামী লীগ সরকারের সময়ও তাঁরা দেশে ফিরতে পারেননি।
গত বছর জুলাই অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তী সরকার আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ সময় সোমবার (২৯ ডিসেম্বর)।
জাতীয় সংসদ নির্বাচনের আইন আরপিও অনুসারে, সংসদ নির্বাচনে প্রার্থী হতে হলে দেশের যেকোনো এলাকায় ভোটার হতে হবে। অর্থাৎ ঢাকায় ভোটার হলে ঢাকার বাইরেও যেকোনো আসনে প্রার্থী হওয়া যাবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে প্রার্থী হবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার কথা রয়েছে।




