দীর্ঘ ১৮ বছর পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে তিনি শেরেবাংলা নগরে অবস্থিত জিয়াউর রহমানের কবরের সামনে উপস্থিত হয়ে নীরবে দাঁড়িয়ে থাকলেন তিনি। এরপর করলেন মোনাজাত। আবেগাপ্লুত অবস্থায় তাকে চোখের পানি মুছতে দেখা যায়।
প্রথমেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়। এরপর বাবার কবরের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা পাঠ করেন তারেক রহমান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
২০০৬ সালের ১ সেপ্টেম্বর দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীতে সর্বশেষ তিনি বাবার সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেছিলেন। এরপর দীর্ঘ ১৮ বছর পর ফের বাবার কবর জিয়ারত করলেন তিনি। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ২টা ২০ মিনিটে গুলশানের বাসা থেকে বিশেষ নিরাপত্তা-বেষ্টিত ‘সবার আগে বাংলাদেশ’ নামক বাসে করে তিনি সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা হন। বৃহস্পতিবারও একই বাসে তিনি বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে গিয়েছিলেন। আজও বাসের সামনে দাঁড়িয়ে নেতা-কর্মীদের উদ্দেশে হাত নাড়েন তিনি।
তারেক রহমানের আগমন উপলক্ষে সকাল থেকেই শেরেবাংলা নগরের জিয়া উদ্যান ও আশপাশের এলাকায় কয়েক হাজার নেতা-কর্মীর সমাগম ঘটে। কারো হাতে ছিল দলীয় পতাকা, কেউ ব্যানার ও পোস্টার হাতে মিছিল নিয়ে আসেন। তারা স্লোগান দেন— ‘এক জিয়া লোকান্তরে, লক্ষ জিয়া ঘরে ঘরে; আজকের এই দিনে, জিয়া তোমায় মনে পড়ে; তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে।’
নেতা-কর্মীরা জানান, এটি শুধু একটি আনুষ্ঠানিক শ্রদ্ধা নিবেদন নয়, বরং দলের জন্য একটি ঐতিহাসিক ও প্রতীকী মুহূর্ত। তাদের মতে, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন জিয়াউর রহমান, বাস্তবায়ন করেছেন বেগম খালেদা জিয়া, আর এখন তা প্রস্ফুটিত হবে তারেক রহমানের নেতৃত্বে।
শুক্রবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “তারেক রহমানের হাত ধরে দেশ গণতান্ত্রিক যাত্রার পথে এগিয়ে যাবে। তার রাজসিক প্রত্যাবর্তন সেই বার্তাই বহন করে।”
এ উপলক্ষে শেরেবাংলা নগর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয় এবং প্রবেশপথে তল্লাশি চৌকি বসানো হয়। দলীয় স্বেচ্ছাসেবকরাও শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। দুপুরের আগেই জনসমাগম বাড়তে থাকে, তবে নিরাপত্তা ব্যবস্থার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রিত ছিল।
এর আগে বৃহস্পতিবার সকাল ১১টা ৪৩ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও একমাত্র মেয়ে জাইমা রহমান। বিমানবন্দর থেকে পূর্বাচলের সংবর্ধনা মঞ্চ পর্যন্ত সাড়ে ছয় কিলোমিটার পথ মানুষের ঢলে লোকারণ্য হয়ে ওঠে।
মাজার জিয়ারতের পর বিকেল ৫টা ৫ মিনিটে তিনি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হন।




