বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

খালি পায়ে মাতৃভূমিতে তারেক রহমান, গভীর মমতায় হাতে তুলে নেন মাটি

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরেই এক আবেগঘন মুহূর্তের জন্ম দিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।

বিমান থেকে নেমে পরিবারের সদস্য ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময়ের পর দুপুর সাড়ে ১২টার দিকে টার্মিনাল থেকে বের হন তিনি। এ সময় বিমানবন্দরের সামনে একটি ছোট্ট ফুলের বাগানের দিকে এগিয়ে গিয়ে জুতা খুলে খালি পায়ে মাটি স্পর্শ করেন। এরপর হাতে মাটি তুলে নেন এবং তা অনুভব করেন। তার চোখে-মুখে প্রকাশ পায় গভীর আবেগ ও মাতৃভূমির প্রতি মমত্ববোধ।

 

 

এই দৃশ্য দেখে উপস্থিত হাজারো নেতাকর্মী আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারেক রহমানের এই প্রতীকী শ্রদ্ধা নিবেদনকে তারা দেখেন মাতৃভূমির প্রতি ভালোবাসা ও আকুলতার প্রকাশ হিসেবে। পরে তিনি সিআইপি গেটের সামনে অপেক্ষমাণ বিশেষ বাসে আরোহণ করেন এবং হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন।