ঢাকার ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে আয়োজিত সংবর্ধনায় ভোর থেকেই লাখো নেতাকর্মীর ঢল নেমেছে। রাত থেকেই বিভিন্ন জেলা থেকে লঞ্চ ও বাসে করে আসা কর্মীদের উপস্থিতিতে এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠেছে। উৎসবমুখর পরিবেশে স্লোগান, গান ও সাজসজ্জায় পুরো এলাকা রূপ নিয়েছে মহামেলায়।
দীর্ঘ ১৭ বছরের প্রবাসজীবন শেষে বুধবার (২৪ ডিসেম্বর) লন্ডন থেকে যাত্রা শুরু করে ঢাকায় ফেরার পথে রয়েছেন তারেক রহমান। সব ঠিক থাকলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে বহনকারী উড়োজাহাজটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৪৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।
বুধবার রাত ১২টার পর থেকেই এক্সপ্রেসওয়ে ও আশপাশের সংযোগ সড়কগুলোতে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতি লক্ষ্য করা যায়। সরেজমিনে দেখা গেছে, রাতের গভীর সময়েও সড়কজুড়ে মানুষের ভিড়, অনেকেই কাঁথা-কম্বল মুড়িয়ে রাত কাটানোর প্রস্তুতি নিচ্ছেন। বিভিন্ন জেলা থেকে শত শত বাস ও লঞ্চে করে কর্মীরা রাজধানীতে পৌঁছেছেন।
সংবর্ধনাস্থল ও আশপাশের এলাকায় ছয় স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে এবং বিমানবন্দর থেকে এক্সপ্রেসওয়ে হয়ে এভারকেয়ার হাসপাতাল পর্যন্ত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ করা হয়েছে। কুড়িল মোড় থেকে সংবর্ধনাস্থল পর্যন্ত এলাকায় সাজসজ্জা ও বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে।
বুধবার রাতে পূর্বাচলের ৩০০ ফিট হাইওয়ে এলাকায় দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নেতাকর্মীরা দল ধরে স্লোগান দিচ্ছেন, মিছিল করছেন। স্লোগান-প্ল্যাকার্ড আর উচ্ছ্বাসে পুরো এলাকা উৎসবকেন্দ্রে পরিণত হয়েছে। পথে পথে খাবার ও পানি বিক্রি করছেন হকাররা, স্পিকারবাহী ট্রাকে বাজছে দলীয় ও দেশাত্মবোধক গান।
পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। রাত ৯টার দিকে মঞ্চ এলাকা পরিদর্শন করেন পুলিশের মহাপরিদর্শক ড. বাহারুল আলম।
নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রংপুর থেকে আসা এক বিএনপি কর্মী বলেন, “বহু বছর পর নেতা দেশে আসছেন। এটি আমাদের কাছে ঈদের দিনের মতো উৎসব।” কুমিল্লা থেকে আসা এক কর্মী বলেন, “আজকের রাত আমাদের কাছে চাঁদ রাতের মতো মনে হচ্ছে।”
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানিয়েছেন, অনুষ্ঠানে প্রায় ৫০ লাখ মানুষের সমাগম হবে বলে আশা করা হচ্ছে।
সব মিলিয়ে তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে রাজধানীর ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।




