বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

দেশব্যাপী যাত্রা শুরু করল সরকারের ‘ভোটের গাড়ি’

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ বিষয়ে গণভোটকে সামনে রেখে প্রচারণার উদ্দেশ্যে বিশেষভাবে নকশাকৃত ‘সুপার ক্যারাভ্যান’ নামে ১০টি ‘ভোটের গাড়ি’ দেশব্যাপী যাত্রা শুরু করেছে।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

এই প্রচারণার মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “দেশের চাবি আপনার হাতে”। সচেতনতা বাড়াতে সংস্কৃতি মন্ত্রণালয় ইতোমধ্যে সাতটি সংক্ষিপ্ত টিভিসি তৈরি করেছে, যেখানে ফেলানী হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড, প্রতিবেশী প্রভাব ও নির্ভরশীলতার মতো বিষয় তুলে ধরা হয়েছে। এসব টিভিসি দেশব্যাপী প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষের মধ্যে আসন্ন জাতীয় নির্বাচন ও গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টি হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, সরকার আরও অন্তত ৩০টি টিভিসি তৈরির পরিকল্পনা করেছে। এর মাধ্যমে নির্বাচনী প্রচারণা ও গণভোট বিষয়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর চেষ্টা করা হবে।