ভারতে বাংলাদেশের একাধিক মিশনে ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত সব ধরনের কনস্যুলার সার্ভিস ও ভিসা প্রদান বন্ধ থাকবে। সোমবার (২২ ডিসেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশনের দেওয়া এক নোটিশে এ তথ্য জানানো হয়।
নোটিশে এ সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করা হয়। এর আগে গত শনিবার (২০ ডিসেম্বর) ও রবিবার (২১ ডিসেম্বর) দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে উগ্রপন্থী এক সংগঠনের ২০-২৫ জন সমর্থক বিক্ষোভ করে। তারা বাংলাদেশিদের ভারত ছাড়তে বলে এবং বাংলাদেশের হাইকমিশনারকে হুমকি দেয়।
এ বিষয়ে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, দিল্লির কূটনৈতিক এলাকার ভেতরে বাংলাদেশ মিশনের অবস্থান অত্যন্ত নিরাপদ স্থানে। সেখানে হিন্দু চরমপন্থীরা প্রবেশ করতে পারল কীভাবে, তা অপ্রত্যাশিত। তিনি আরও জানান, এ ঘটনার পর থেকে দিল্লিতে হাইকমিশনারের পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে।
শুধু দিল্লি নয়, ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ির ভিসা সেন্টার থেকেও ভিসা প্রদান ও কনস্যুলার সেবা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সংশ্লিষ্ট মিশনে এ সংক্রান্ত নোটিশ টানিয়ে দেওয়া হয়েছে।
এদিকে সোমবার পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে বাংলাদেশের ভিসা কেন্দ্র ভাঙচুর করেছে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের সদস্যরা। বিশ্ব হিন্দু পরিষদ (বিএইচপি), হিন্দু জাগরণ মঞ্চ ও শিলিগুড়ি মহানগর সংগঠনের সদস্যরা এ হামলা চালায়।
এর পাশাপাশি কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং এর অধীনস্থ ভিসা আবেদন কেন্দ্র থেকেও ভিসা কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
ফলে দিল্লি, আগরতলা, শিলিগুড়ি, গুয়াহাটি ও কলকাতায় বাংলাদেশি মিশনের ভিসা কার্যক্রম আপাতত বন্ধ রয়েছে।




