বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার (এ কে খন্দকার), বীর উত্তম মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি বার্ধক্যজনিত কারণে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার, বীর উত্তম (অব.) শুধু একজন বীর মুক্তিযোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন দূরদর্শী নেতাও যিনি বাংলাদেশ বিমান বাহিনী গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
আইএসপিআর জানিয়েছে, রবিবার দুপুর ১টা ৪৫ মিনিটে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বাশার প্যারেড গ্রাউন্ডে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর নামাজে জানাজা ও গার্ড অব অনার অনুষ্ঠিত হবে।
এ কে খন্দকারের মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, এ কে খন্দকারের কৌশলগত দক্ষতা, দেশপ্রেম ও নেতৃত্ব স্বাধীনতার সংগ্রামকে সুসংহত করেছিল এবং স্বাধীনতার পর বাংলাদেশ বিমান বাহিনীকে একটি সুসংগঠিত বাহিনী হিসেবে দাঁড় করাতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেছেন।
১৯৩০ সালের ১ জানুয়ারি রংপুরে জন্মগ্রহণকারী এ কে খন্দকারের আদি নিবাস পাবনা জেলার বেড়া উপজেলার ভারেঙ্গা গ্রামে। তিনি ১৯৪৭ সালে ম্যাট্রিকুলেশন এবং ১৯৪৯ সালে ইন্টারমিডিয়েট পাস করেন। ১৯৫২ সালে পাকিস্তান বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি গ্রুপ ক্যাপ্টেন হিসেবে মুক্তিবাহিনীতে যোগ দেন এবং ডেপুটি চিফ অব স্টাফ নিযুক্ত হন। কর্নেল এম এ জি ওসমানীর সার্বক্ষণিক সহকারী হিসেবে তিনি মুক্তিযুদ্ধের প্রায় সব নীতিনির্ধারণী কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর নেতৃত্বেই ১৯৭১ সালের সেপ্টেম্বরে বিমান বাহিনীর ঐতিহাসিক ‘কিলোফ্লাইট’ অপারেশন পরিচালিত হয়।
১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ঢাকার রেসকোর্স ময়দানে পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণ অনুষ্ঠানে মুক্তিবাহিনীর প্রতিনিধিদের একজন হিসেবে তিনি উপস্থিত ছিলেন। স্বাধীনতার পর থেকে ১৯৭৫ সাল পর্যন্ত তিনি বিমান বাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন এবং যুদ্ধবিধ্বস্ত বাহিনী পুনর্গঠন করেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্রতিবাদে তিনি বিমান বাহিনী প্রধানের পদ থেকে পদত্যাগ করেন। পরবর্তীতে তিনি অস্ট্রেলিয়া ও ভারতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন।
রাজনীতিতেও সক্রিয় ছিলেন এ কে খন্দকার। ১৯৮৬ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি রাষ্ট্রপতি এইচ এম এরশাদের আমলে পরিকল্পনা মন্ত্রী ছিলেন। পরে আওয়ামী লীগের হয়ে পাবনা-২ আসন থেকে দু’বার সংসদ সদস্য নির্বাচিত হন এবং ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত দ্বিতীয় দফায় পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেক্টর কমান্ডারস ফোরামের সভাপতির দায়িত্বও পালন করেন এবং যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে জনমত তৈরিতে ভূমিকা রাখেন।
মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি ১৯৭৩ সালে ‘বীর উত্তম’ খেতাব এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন। তাঁর লেখা বই ‘১৯৭১ : ভেতরে বাইরে’ প্রকাশের পর ব্যাপক আলোচনার জন্ম দেয়।
তিনি এক কন্যা, দুই পুত্র ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। জাতি তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে।




