ঢাকায় আমেরিকার নতুন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। তিনি সিনেটের অনুমোদন পেয়ে ঢাকায় আমেরিকার ১৮তম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করবেন। বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন ক্রিস্টেনসেন। স্থানীয় সময় শুক্রবার (১৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম লিংকডইনে দেওয়া এক পোস্টে তিনি জানান, বাংলাদেশে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেয়ে তিনি সম্মানিত এবং এজন্য প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগে ঢাকায় অবস্থিত আমেরিকার দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ক কাউন্সেলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি পররাষ্ট্র দপ্তরের রাজনৈতিক-সামরিক বিষয়ক ব্যুরোর আঞ্চলিক নিরাপত্তা ও অস্ত্র স্থানান্তর অফিসের উপ-পরিচালক ছিলেন।
আমেরিকার সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ক্রিস্টেনসেন সিনিয়র ফরেন সার্ভিস, ক্লাস অফ কাউন্সেলরের একজন ক্যারিয়ার সদস্য। তিনি অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক আন্ডার সেক্রেটারি অফ স্টেটের সিনিয়র অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন। সম্প্রতি তিনি আমেরিকার কৌশলগত কমান্ড (USSTRATCOM)-এর বৈদেশিক নীতি উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।




