ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। তাঁর মৃত্যুর খবর ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে জানানো হয় এবং সিঙ্গাপুরে চিকিৎসার সঙ্গে যুক্ত একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
ইনকিলাব মঞ্চ জানিয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইট (শুক্রবার) স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে ওসমান হাদিকে নিয়ে রওয়ানা করবে। ঢাকায় অবতরণ করার সম্ভাব্য সময় সন্ধ্যা ৬টা ৫ মিনিটে। তার প্রথম জানাজা সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এছাড়া বাংলাদেশে শনিবার বাদ জোহর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে মোটরসাইকেলযোগে আসা দুজন হামলাকারী হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে সরকারের উদ্যোগে তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে পাঠানো হয়।
ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ছিলেন শরিফ ওসমান হাদি। তাঁর ওপর হামলার ঘটনায় দেশে ব্যাপক উদ্বেগ সৃষ্টি হয়। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ঘটনাটিকে নির্বাচনী ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করে। তদন্ত-সংশ্লিষ্টরা হামলাকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতাকে শনাক্ত করেছে, যিনি ভারতে পালিয়ে গেছেন বলে জানা যায়।
হাদি এক মাস আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে হত্যার হুমকি পাওয়ার কথা জানিয়েছিলেন। তিনি লিখেছিলেন, দেশি-বিদেশি অন্তত ৩০টি নম্বর থেকে তাঁকে ফোন ও মেসেজ পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তবে জীবননাশের আশঙ্কা সত্ত্বেও তিনি ‘ইনসাফের লড়াই’ থেকে পিছিয়ে আসবেন না বলে ঘোষণা দেন।
ঝালকাঠির নলছিটি থেকে উঠে আসা শরিফ ওসমান হাদি মাদ্রাসায় পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানে ভর্তি হন। স্নাতকোত্তর শেষ করে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছিলেন। জুলাই অভ্যুত্থানের পর তিনি ইনকিলাব মঞ্চ গঠন করে আলোচনায় আসেন। শাহবাগে ধারাবাহিক সমাবেশ আয়োজনের মাধ্যমে তিনি দ্রুত সমর্থক গোষ্ঠী গড়ে তোলেন এবং পরে সংগঠনের আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন।
শরিফ ওসমান হাদির মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সমর্থকরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক ও দোয়া প্রকাশ করছেন।
শরিফ ওসমান বিন হাদির মৃত্যুতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদসহ দেশের প্রধান রাজনৈতিক দলের শীর্ষ নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। বৃহস্পতিবার রাতে পৃথক বিবৃতিতে তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শোকবার্তায় হাদির পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেন, হাদির অকাল ও মর্মান্তিক মৃত্যুতে দেশ এক সাহসী কণ্ঠস্বরকে হারাল। বিচার বিভাগের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনা করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, হাদির শহীদি মৃত্যু রাজনৈতিক সহিংসতার ভয়াবহ মানবিক মূল্য মনে করিয়ে দিল। তিনি দ্রুত তদন্ত ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেন, হাদি ছিলেন আপসহীন যোদ্ধা ও সাচ্চা দেশপ্রেমিক। তাঁর শাহাদাতে জাতি একজন নির্ভীক কণ্ঠস্বর হারাল।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বিজ্ঞপ্তিতে হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, হাদি ছিলেন দেশের লড়াকু তরুণ কণ্ঠস্বর, তাঁর সাহসিকতা অবিস্মরণীয় হয়ে থাকবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. নিয়াজ আহমেদ খান বলেন, হাদির মৃত্যু দেশ ও সমাজের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।




