আগামী বছরের ২০ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। বুধবার (১৭ ডিসেম্বর) বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বইমেলার তারিখ নির্ধারণ নিয়ে বুধবার বিকেল ৫টায় বাংলা একাডেমির শহিদ মুনীর চৌধুরী সভাকক্ষে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: মফিদুর রহমান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলা একাডেমির পরিচালকবৃন্দ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, প্রকাশক প্রতিনিধিবৃন্দ এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি।
সভায় সর্বসম্মতিক্রমে অমর একুশে বইমেলা-২০২৬-এর উদ্বোধনের সময় ২০ ফেব্রুয়ারি সকাল ১১টায় নির্ধারণ করা হয়। মেলা চলবে ১৫ মার্চ পর্যন্ত।




