মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ বিশ্ব রেকর্ড গড়েছে। ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দর সংলগ্ন প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে সর্বাধিক পতাকা হাতে প্যারাস্যুটিং প্রদর্শন করে বাংলাদেশ বিশ্ব রেকর্ড স্থাপন করেছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এই আয়োজনে ‘টিম বাংলাদেশ’-এর ৫৪ জন প্যারাট্রুপার অংশ নেন। তাদের মধ্যে সেনাবাহিনীর ৪৬ জন, নৌবাহিনীর ৫ জন, বিমানবাহিনীর ২ জন এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন ছিলেন। তারা ১২ হাজার ফুট উচ্চতা থেকে জাতীয় পতাকা হাতে ফ্রি ফল জাম্পের মাধ্যমে আকাশ থেকে ভূমিতে অবতরণ করেন।
এটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার পরিচয় এবং ভাবমূর্তি উন্নয়নে বিশেষ ভূমিকা রাখবে। একই সাথে এই আয়োজন দেশে-বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে জাতীয় গৌরব ও আত্ম পরিচয়ের অনুভূতি জাগিয়ে তুলবে।
স্বাধীনতার ৫৪ বছর পূর্তিতে আয়োজিত এই প্রদর্শনী বিশ্বের সর্ববৃহৎ পতাকা-প্যারাশুটিং হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য, ৪৯ থেকে ৫৪ নম্বরধারী প্যারাট্রুপাররা সুদানে নিহত ৬ জন শান্তিরক্ষীর নাম বুকে ধারণ করে অবতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এছাড়া উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান, রাজনৈতিক নেতা, বিভিন্ন দেশের কূটনীতিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ এই ঐতিহাসিক মুহূর্ত প্রত্যক্ষ করেন।
সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে আয়োজিত এই ফ্রি ফল জাম্পের সার্বিক দায়িত্ব পালন করেন ব্রিগেডিয়ার জেনারেল এম এম ইমরুল হাসান। একই অনুষ্ঠানে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে ফ্লাইপাস্ট মহড়া অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিমানবাহিনীর বিভিন্ন বিমান ও হেলিকপ্টার আকাশে মহড়া প্রদর্শন করে।




