বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

মহান বিজয় দিবসের ৫৪ বছর পূর্তি উদ্‌যাপন করছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবময় ও বীরত্বের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে। পাকিস্তানি সেনাদের আত্মসমর্পণের মধ্য দিয়ে মুক্ত হয় দেশ।

মুক্তিযুদ্ধে অগণিত মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে পাকিস্তানি বাহিনীর কমান্ডার জেনারেল নিয়াজি তার বাহিনী নিয়ে যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোর হতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ছুটে আসেন নানা শ্রেণি-পেশার মানুষ। ঢাকার তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা হয়।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৬টা ৩৫ মিনিটে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদনের পর তিনি বীর মুক্তিযোদ্ধা ও বিদেশি কূটনীতিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং ৬টা ৪০ মিনিটে স্মৃতিসৌধ ত্যাগ করেন। এরপর সকাল ৬টা ৫৩ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস স্মৃতিসৌধে প্রবেশ করেন এবং সকাল ৭টায় পুষ্পস্তবক অর্পণ করেন। তিনি ৭টা ৫ মিনিটে স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

পরে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান শ্রদ্ধা নিবেদন করেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদও শহিদ বেদিতে ফুল দেন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা বীরপ্রতীক ফারুক ই আজমের নেতৃত্বে বীরশ্রেষ্ঠ পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও অন্যান্য মুক্তিযোদ্ধারা শ্রদ্ধা নিবেদন করেন। বিদেশি কূটনীতিকরাও শহিদদের প্রতি শ্রদ্ধা জানান।

বিজয় দিবস উপলক্ষে সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে জাতীয় পতাকা উত্তোলন করা হচ্ছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শহরের প্রধান সড়ক ও সড়কদ্বীপগুলো জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুনে সজ্জিত হয়েছে। এ বছর সর্বাধিক পতাকা উড়িয়ে প্যারাস্যুটিং করে বিশ্বরেকর্ড গড়ার প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ।

বেলা ১১টা থেকে ঢাকার তেজগাঁও পুরাতন বিমানবন্দরে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনী পৃথকভাবে ফ্লাই পাস্ট মহড়া পরিচালনা করবে। চলবে বিশেষ ব্যান্ড-শো। সারাদেশে সশস্ত্র বাহিনীর পাশাপাশি পুলিশ, বিজিবি, আনসার ও বিএনসিসির বাদক দল বাদ্য পরিবেশন করবে।

বিজয় দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পৃথক বাণী দিয়েছেন। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থাপনা আলোকসজ্জায় সজ্জিত হয়েছে। সংবাদপত্রগুলো বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করেছে এবং টেলিভিশন ও বেতার মুক্তিযুদ্ধভিত্তিক অনুষ্ঠান সম্প্রচার করছে। শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘরসহ বিভিন্ন প্রতিষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনা, আলোচনা সভা, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

বিএনপি সকালে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে এবং জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ করবে। দলটির বিভিন্ন ইউনিটে পতাকা উত্তোলন, আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি, সিপিবি, বাসদসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও কর্মসূচি পালন করবে বলে দলগুলোর বিবৃতিতে জানানো হয়েছে।

দেশব্যাপী তিন দিনব্যাপী বিজয়মেলা শুরু হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সমাবেশ, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হচ্ছে। বিকেল ৩টা থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবসের গান পরিবেশিত হবে। একই সময়ে দেশের ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবেন নতুন প্রজন্মের শিল্পীরা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও শিশু একাডেমিসহ বিভিন্ন সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনের আয়োজন করেছে।

বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতি বীরশ্রেষ্ঠ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেবেন। মহানগর, জেলা ও উপজেলায়ও মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হবে। ডাক বিভাগ স্মারক ডাকটিকিট প্রকাশ করবে।

দেশের হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, পথশিশু পুনর্বাসন কেন্দ্র, প্রতিবন্ধী কল্যাণ কেন্দ্র ও শিশু পরিবারগুলোতে প্রীতিভোজের আয়োজন করা হয়েছে। শিশুপার্ক ও জাদুঘর বিনা টিকিটে উন্মুক্ত রাখা হয়েছে। সিনেমা হলগুলোতে ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শিত হবে।

চট্টগ্রাম, খুলনা, মংলা ও পায়রা বন্দর, ঢাকার সদরঘাট, পাগলা ও বরিশালসহ বিআইডব্লিউটিসির ঘাটে নৌবাহিনী ও কোস্টগার্ডের জাহাজ সকাল ৯টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।

দেশের বাইরেও বাংলাদেশী নাগরিক গোষ্ঠী ও বাংলাদেশ দূতাবাসে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

মহান বিজয় দিবস উপলক্ষে একটি স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ অনুষ্ঠান হয়। এতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খান এবং ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিন উপস্থিত ছিলেন।