বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণের উদ্দেশ্যে বলেছেন, “গ্রামে গঞ্জে, শহরে নগরে, বন্দরে, বাজারে, মহল্লায়, অলিতে গলিতে, রাজপথে নিজেদের অধিকার প্রতিষ্ঠার নির্বাচনী মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ।”
সোমবার (১৫ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি আয়োজিত আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ বক্তব্য দেন।
তারেক রহমান বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ সালের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান প্রমাণ করেছে জনগণ ঐক্যবদ্ধ থাকলে বিজয় কেউ ঠেকাতে পারে না। তিনি দৃঢ় কণ্ঠে জানান, নির্ধারিত সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে। সভায় উপস্থিত নেতা-কর্মীরা তার বক্তব্যের আগে স্লোগান দেন—“তারেক রহমান আসছে, বাংলাদেশ হাসছে, ২৫ তারিখ সারাদিন, বাংলাদেশের খুশির দিন।”
তিনি বলেন, জনগণকে ক্ষমতাবান করার পূর্বশর্ত হলো জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা। বিএনপি সবসময় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ষড়যন্ত্রকারীরা এখনো সক্রিয় উল্লেখ করে তিনি বলেন, নানা অজুহাতে নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা হয়েছে। গণতন্ত্রের পক্ষের সাহসী সন্তান ওসমান হাদির ওপর হামলাও সেই ষড়যন্ত্রের অংশ। তিনি প্রশ্ন রেখে বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ প্রমাণ করা গেলে কারা লাভবান হবে? জনগণের ভোটে সরকার প্রতিষ্ঠিত না হলে কারা খুশি হবে? এসব প্রশ্নের জবাবেই ঘাতকদের চরিত্র স্পষ্ট হয়ে উঠবে।
তারেক রহমান সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করতে দেশি-বিদেশি অপশক্তি তখন যেমন সক্রিয় ছিল, এখনো সক্রিয়। ষড়যন্ত্রকারীরা ব্যর্থ হবে, কারণ জনগণের জয়-পরাজয় আল্লাহর হাতে নির্ধারিত। তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠার মিছিল এগিয়ে নিলে ষড়যন্ত্রকারীরা পিছু হটতে বাধ্য হবে।
বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে তিনি বলেন, বাংলাদেশ লাখো শহীদের আত্মত্যাগ ও মা-বোনের সম্মান-সম্ভ্রমের বিনিময়ে অর্জিত। স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের লেখা ‘একটি জাতির জন্ম’ নিবন্ধকে তিনি মুক্তিযুদ্ধের ইতিহাসের অনন্য দলিল হিসেবে উল্লেখ করেন। তিনি অভিযোগ করেন, একটি চক্র মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করছে। তবে পরাজিতের মুখে বিজয়ের ইতিহাস রচনা লজ্জাজনক ও ইতিহাসের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, বিজয়ের বার্তাকে শুধু স্লোগানে সীমাবদ্ধ না রেখে প্রতিটি নাগরিকের ঘরে পৌঁছে দিতে হবে। আসন্ন নির্বাচনে বিএনপি আবারো জনগণের সহযোগিতা প্রত্যাশা করছে। তিনি জানান, আগামী দশক হবে রূপান্তরের দশক। নারী, তরুণ, কৃষক-শ্রমিকসহ কর্মক্ষম জনসংখ্যাকে কাজে লাগিয়ে একটি স্বনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়াই বিএনপির লক্ষ্য।
আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতির বক্তব্যে বলেন, বিএনপি রাষ্ট্রক্ষমতায় গেলে ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, এই আন্দোলনের সঙ্গে যুক্তদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব। আসন্ন নির্বাচন হবে সেই নির্বাচন, যেখানে ঠিক হবে বাংলাদেশ একটি উদার গণতান্ত্রিক রাষ্ট্র হবে নাকি পশ্চাৎপদ রাষ্ট্রে পরিণত হবে।
মির্জা ফখরুল অভিযোগ করেন, স্বাধীনতার বিরোধীরা আবারো গণতন্ত্র নস্যাতের চেষ্টা করছে। বিএনপিকে হেয় করার উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, হামলাকারীদের একজন আওয়ামী লীগের সন্ত্রাসী হিসেবে চিহ্নিত হলেও একটি মহল বিএনপিকে দায়ী করার অপচেষ্টা করছে।
২৫ ডিসেম্বর তারেক রহমানের দেশে ফেরাকে সামনে রেখে তিনি দলীয় নেতাকর্মীদের জেগে ওঠার আহ্বান জানান। তিনি বলেন, “২৫ তারিখে আমাদের নেতা আসছেন। সেদিন সমগ্র বাংলাদেশ কাঁপিয়ে জাতীয়তাবাদের পতাকা তুলে ধরব।”
বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, সালাহ উদ্দিন আহমদ, হাফিজ উদ্দিন আহমেদ, উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ার উল্লাহ চৌধুরী, যুব দলের নুরুল ইসলাম নয়ন ও স্বেচ্ছাসেবক দলের রাজীব আহসান প্রমুখ বক্তব্য রাখেন।




