বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার রাতে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান, এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. জাফর এবং হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে জরুরি কল কনফারেন্সে এ সিদ্ধান্ত হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ইমার্জেন্সি বিভাগে তাঁর চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ওসমান হাদির চিকিৎসার সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে এবং তাঁর চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রধান উপদেষ্টা দেশবাসীর কাছে তাঁর দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন।

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার দুপুর দেড়টায় এয়ার অ্যাম্বুলেন্সে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হবে। এর আগে সকাল সাড়ে ১০টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে। বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে তাঁর চিকিৎসা চলছে।

এদিকে হাদির ওপর হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার এবং তিনজনকে আটক করেছে পুলিশ। শেরপুর সীমান্ত থেকে সিবিয়ন দিও ও সঞ্জয় চিসিমকে আটক করা হয়েছে, যাঁরা অবৈধপথে লোক পারাপারচক্রের সদস্য বলে সন্দেহ করা হচ্ছে। এছাড়া হত্যাচেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মো. আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় সন্দেহভাজন শ্যুটার ফয়সল করিম মাসুদ ও তাঁর সহযোগী মো. আলমগীর শেখ ইতোমধ্যে সীমান্তপথে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের খুঁজে বের করতে তদন্ত চলছে। র‌্যাবও অভিযানে নেমেছে এবং ফয়সালের স্ত্রী সামিয়া, শ্যালক শিপু ও বান্ধবী মারিয়াকে আটক করেছে।