বৃহস্পতিবার

,

২৬শে নভেম্বর, ২০২৬

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর ড্রোন হামলায় জাতিসংঘের নিন্দা

নিজস্ব প্রতিবেদক
ছবি: সংগৃহীত

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশন ইউনিসফার অধীন কর্দোফানের কাদুগলি লজিস্টিক বেসে শনিবার ভয়াবহ ড্রোন হামলায় ছয়জন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং আটজন আহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

রবিবার (১৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত ফোনালাপে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে ফোন করে গুতেরেস বলেন, “আমি গভীর সমবেদনা জানাতে ফোন করেছি। আমি এই ঘটনায় ভীষণভাবে মর্মাহত।” তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে বলেন, জাতিসংঘ শান্তিরক্ষীদের লক্ষ্য করে আক্রমণ আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধের শামিল হতে পারে।

অধ্যাপক ইউনূসও নিহত শান্তিরক্ষীদের মৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং আহত সেনাসদস্যদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত উন্নতমানের হাসপাতালে স্থানান্তরের অনুরোধ জানান। গুতেরেস জানান, আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে এবং গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরের প্রস্তুতি চলছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) রবিবার জানিয়েছে, নিহতরা হলেন করপোরাল মো. মাসুদ রানা (নাটোর), সৈনিক মো. মমিনুল ইসলাম (কুড়িগ্রাম), সৈনিক শামীম রেজা (রাজবাড়ী), সৈনিক শান্ত মণ্ডল (কুড়িগ্রাম), মেস ওয়েটার মোহাম্মদ জাহাঙ্গীর আলম (কিশোরগঞ্জ) ও লন্ড্রি কর্মচারী মো. সবুজ মিয়া (গাইবান্ধা)। আহতদের মধ্যে রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল খোন্দকার খালেকুজ্জামানসহ আটজন সেনাসদস্য। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হলেও সফল অস্ত্রোপচারের পর তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বাংলাদেশ সেনাবাহিনী এই নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, শহীদ শান্তিরক্ষীদের আত্মত্যাগ বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের অঙ্গীকারের উজ্জ্বল নিদর্শন হয়ে থাকবে।

জাতিসংঘ মহাসচিব তাঁর বিবৃতিতে সংঘাতের সব পক্ষকে জাতিসংঘ কর্মী ও বেসামরিক নাগরিকদের সুরক্ষার বাধ্যবাধকতার কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, “আজ দক্ষিণ কর্ডোফানে শান্তিরক্ষীদের ওপর যে আক্রমণ হয়েছে তা অযৌক্তিক। এর জবাবদিহি থাকা দরকার।” তিনি যুদ্ধরত পক্ষগুলোকে অবিলম্বে শত্রুতা বন্ধ করে দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতি ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক প্রক্রিয়া শুরু করার আহ্বান জানান।

উল্লেখ্য, তেলসমৃদ্ধ আবেই অঞ্চলটি সুদান ও দক্ষিণ সুদানের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ। ২০১১ সালে সুদান বিভক্ত হওয়ার পর থেকে এ অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে। ইউনিসফা মিশন ২০১১ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমানে প্রায় চার হাজার সামরিক ও পুলিশ সদস্য সেখানে দায়িত্ব পালন করছেন।